রাকসু’র সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

রাকসু’র সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছিলেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ২:১৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইতিহাস কখনো মুছে যায় না, সময়ের স্রোতে ভেসে গেলেও ক্ষণে ক্ষণে ফিরে আসে আমাদের কাছে। মনে করিয়ে দেয় অতীতের বাস্তবতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সেই ইতিহাসেরই অংশ। ১৯৮৯ সালের পর থেকে প্রায় তিন যুগ ধরে বন্ধ ছিল রাকসু’র নির্বাচন। অবশেষে ২০২৫ সালে আবারো নব উদ্দীপনায় হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন। নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ক্যাম্পাসে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। শিক্ষার্থীদের আড্ডায় ফিরে আসছে রাকসু’র পুরোনো গল্প। প্রার্থীদের প্রচার-প্রচারণায় আমেজ ফিরে এসেছে ক্যাম্পাসে। তবে সময়ের ব্যবধানের কারণে রাকসু’র সর্বশেষ নির্বাচনের সেই স্মৃতি যেন ইতিহাসের ধুলোর নিচে চাপা পড়তে বসেছে। তাই নতুন প্রজন্মের জন্য ফিরে দেখা দরকার- সর্বশেষ নির্বাচনে কারা নেতৃত্বে ছিলেন। কারা বিজয়ের মুকুট অর্জন করেছিলেন। ১৯৮০-এর দশকের শেষ সময়। রাজনীতি উত্তাল, সারা দেশে আন্দোলনের ঝড়। সেই উত্তপ্ত সময়েও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। সেদিন ভোটারদের লম্বা লাইন, প্রচারণায় মুখরিত ক্যাম্পাস- সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ।

রাকসু তখন শুধু একটি ছাত্র সংসদ ছিল না; ছিল রাজশাহীর ছাত্রসমাজের দাবি-দাওয়ার কেন্দ্রবিন্দু। ১৯৮৯ সালের সেই নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন একঝাঁক তরুণ ছাত্রনেতা, যারা পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সর্বশেষ রাকসু নির্বাচনে নির্বাচিত যারা: সর্বশেষ রাকসু নির্বাচনে (১৯৮৯) সহ-সভাপতি (ভিপি) পদে এডভোকেট রুহুল কবির রিজভী (বর্তমানে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব) এবং সাধারণ সম্পাদক (জিএস) রুহুল কুদ্দুস বাবু নির্বাচিত হন। এ ছাড়া উপ-সহসভাপতি (প্রভিপি) পদে মো. আব্দুল কাদের সরকার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সাকিলুর রহমান সোহাগ, সহ-ক্রীড়া সম্পাদক মুস্তাফিজুর আলি খান পাপ্পু, সাহিত্য সম্পাদক মো. শামসুল ওয়াসে, সহ-সাহিত্য সম্পাদক মো. আব্দুল মান্নান। প্রমোদ সম্পাদক আজম শান্তনু, সহপ্রমোদ সম্পাদক ইমামুল আজম শাহী, সাধারণ কক্ষ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সাধারণ কক্ষ সম্পাদক মো. কামরুজ্জামান ফসি, মহিলা সম্পাদক বৃত্তা রায় দীপা, সহ-মহিলা সম্পাদক মাহবুবা ইয়াসমিন রিতা, পত্রিকা সম্পাদক জাকিরুল হক টিটন, সহ-পত্রিকা সম্পাদক জগদীশ রায় জনি, সমাজসেবা সম্পাদক মো. করিম শিকদার ও সহ-সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন আসলাম সরকার।অ্যাক্টিভওয়্যার

১৯৮৯ সালের পর থেকে রাকসু নির্বাচন যেন হারিয়ে যাওয়া এক অধ্যায় হয়ে গিয়েছিল। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কাছে সেটি শুধুই ইতিহাসের অংশ। তবে এবার নতুন নির্বাচনের মাধ্যমে সেই ইতিহাস আবারো জাগ্রত হবে, ছাত্ররাজনীতি আবারো যুক্ত হবে নতুন অধ্যায়। যা নির্ধারণ করবে ২০২৫ সালের রাকসু নির্বাচন।

বর্তমান শিক্ষার্থীদের অনেকেই জানেন না রাকসু’র শেষ নির্বাচনে কারা নেতৃত্বে এসেছিলেন। ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাজমুল আলম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ৩৫ বছর আগে। দীর্ঘ এই ব্যবধানের কারণে বর্তমান শিক্ষার্থীরা আগের নেতৃত্ব, ভিপি বা রাকসু’র ইতিহাস সম্পর্কে তেমন জানে না। তথ্যপ্রবাহের অভাবেই এ শূন্যতা তৈরি হয়েছে। তাই প্রশাসনের উচিত আর্কাইভ, নথিপত্র ও প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে রাকসু’র ইতিহাস ও প্রাসঙ্গিক তথ্য সহজভাবে তুলে ধরা।
রাকসু প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের হাতে রাকসু’র একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে দিয়েছি। রাকসু’র ইতিহাসে নির্বাচিত ভিপি ও জিএসদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘রাকসু কী ও কেন’ শীর্ষক একটি সেমিনারের আয়োজনও করা হয়েছে। সেমিনারে শিক্ষার্থীদের হাতে একটি পুস্তিকা তুলে দিয়েছি। ওই পুস্তিকায় রাকসু সম্পর্কে বহু তথ্য সন্নিবেশিত আছে। রাকসু’র ইতিহাস সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ