জাতিসংঘে কি বলব এখনো জানি না, তবে দেশের সিদ্ধান্ত দেশের জনগণই নেবে: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতিসংঘে কি বলব এখনো জানি না, তবে দেশের সিদ্ধান্ত দেশের জনগণই নেবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ সফর নিয়ে এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় বা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ফলে সেখানে তার ভূমিকা কী হবে, তা তিনি এখনো জানেন না। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সফরে দেশের বর্তমান অবস্থা, গণতন্ত্রের উত্তরণ এবং উন্নয়নের বিষয়গুলোই গুরুত্ব পাবে।

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, দেশের সমস্যার সমাধানে উদ্যোগ আমাদেরকেই নিতে হবে। সেটা হতে হবে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায়। বাংলাদেশের সিদ্ধান্ত সবসময় দেশের মানুষই নিয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। বাইরের কারো হস্তক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নেই।

ইসলামী দলগুলোর চলমান কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, আলোচনা চলছিল, এমন অবস্থায় এই ধরনের কর্মসূচি অহেতুক চাপ তৈরির চেষ্টা। এটি গণতন্ত্র ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার জন্য শুভ নয়। রাজপথে এসে কি সমাধান হবে? আমার প্রশ্ন এটিই।

তিনি আরও বলেন, বিএনপি এখন পর্যন্ত ৫ আগস্ট থেকে কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।

গণপ্রতিনিধিত্বে অনুপাতিক পদ্ধতি (পিআর) প্রসঙ্গে বিএনপির অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেন ফখরুল। বলেন, বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে—আমরা পিআরের পক্ষে নই। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআরের প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে। বিএনপি অনেক বিষয়ে একমত হয়েছে, সেসব বিষয়ে সামনে আলোচনা হলে ভালো হয়। তবে এক বিষয় পরিষ্কার, জনগণের সমর্থন ছাড়া কোনো ব্যবস্থা কার্যকর হবে না। জনগণের ভোটে নির্বাচিত সংসদই সংবিধান সংশোধন করতে পারে।

১৪ দল ও জাতীয় পার্টি নিষিদ্ধকরণের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অবস্থান স্পষ্ট—কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই।

বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন।

শেষে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, সব কিছুই হতে হবে আলোচনার ভিত্তিতে, জাতীয় ঐকমত্যের মাধ্যমে। গণতন্ত্র রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ