ময়মনসিংহ ২-বিএনপি’র একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠ চষে বেড়াচ্ছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহ ২-বিএনপি’র একাধিক মনোনয়নপ্রত্যাশী মাঠ চষে বেড়াচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ময়মনসিংহ-২। এ দুই উপজেলায় একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। ফুলপুরে ভোটার ২ লাখ ৯৫ হাজার ১৩৯, তারাকান্দায় ২ লাখ ৭৪ হাজার ৪২৯ জন। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিপুলসংখ্যক ভোটার উদগ্রীব হয়ে আছেন। আর তাদেরকে পক্ষে নিতে ভোট যুদ্ধে নেমেছেন বিএনপি’র একাধিক মনোনয়নপ্রত্যাশী। মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতসহ অন্য দলের মনোনয়নপ্রত্যাশীরা। আসনটি এক সময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল। ফ্যাসিস্ট আমলে হামলা-মামলা, জুলুম-নির্যাতনেও মাঠ ছাড়েনি বিএনপি। এ ছাড়াও গত ১৭ বছর সাধারণ জনগণের ওপরও হয় জুলুম-নির্যাতন। একক আধিপত্যের কারণে আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ। ফলে হাসিনা সরকারের পতনের পর জোয়ার উঠেছে বিএনপি’র পক্ষে। এ কারণে ভোটের মাঠে কোণঠাসা অন্য দলগুলো।

বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নানা কর্মসূচি পালন করছেন। নিজ দলের বার্তা তৃণমূলে পৌঁছে দিচ্ছেন। আর অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের কাছে টানতে কাজ করছেন। যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছেন। এর বাইরে আওয়ামী লীগরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর অস্তিত্ব নেই বললেই চলে। দিনের ভোট রাতের কারণে এ আসনে টানা চারবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নির্বাচিত হন শরিফ আহমেদ। কিন্তু দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন করেননি। শুধু দলীয় কিছু নেতাকর্মীর পকেট ভারী হয়েছে। তার লোকজন দিয়ে চাকরি-বাণিজ্য, চাঁদাবাজিসহ এমন কোনো কাজ নেই যা করেননি। তবে, গত বছর স্বৈরাচারী শাসনামলের পতন হয়ছে। এখন মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। বৈষম্যহীন সুন্দর রাষ্ট্র গঠনে বিএনপি-ই অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।
এ আসনে বিএনপি’র একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। এর মধ্যে রয়েছেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলপুর ও তারাকান্দায় সভা-সমাবেশসহ বিভিন্ন দলীয় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। তিনি বিগত সরকারের আমলে সকল আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এলাকায় বিভিন্ন জনসমাবেশ করে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত করছেন। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজাউদ্দৌল্লাহ সুজাও রয়েছেন এ তালিকায়। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট হঠাও আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি নিজ নির্বাচনী এলাকায় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে ছিলেন।

এ ছাড়া, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল বাসার আকন্দ দলীয় মনোনয়নের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডসহ জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি ১৯৯৬ সনের ১৫ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি’র বিজয়ী এমপি ছিলেন। এবারো উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ এনায়েত-উর-রহমান দলীয় মনোনয়ন চাবেন বলে জানান। আর ময়মনসিংহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল যুবকদের নিয়ে কাজ করছেন। তরুণ এই রাজনীতিবিদ ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। নেতৃত্ব দিয়ে ১৭ বছর আন্দোলন করে গেছেন। তিনি ৭৮ মামলার আসামি হয়ে একাধিকবার কারাভোগ করছেন। যুব সমাজের একটি অংশ তার আনুগত্য।

করোনাকালীন সময়ে গ্রামে গ্রামে ঘুরে অসহায় মানুষের বাড়িতে চাল-ডাল পৌঁছে দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়নের জন্য গণসংযোগ করছেন। দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও যুব সমাজের একাংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাহবুব আলম মণ্ডল নতুন উদ্যমে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তিনি জনসংযোগ, সহযোগী সম্মেলন, কেন্দ্র কমিটি গঠনসহ ব্যাপক কার্যক্রম চালাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে তার দল থেকে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে, শাহ শহীদ সারোয়ার ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। তিনি তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তবে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কৃত হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও মাঠে আছেন এবং থাকবেন বলে জানান। এ ছাড়া, অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম মওলা ভূইয়া। জমিয়তে ওলামায়ে ইসলামের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু রায়হান মক্কী। গণঅধিকার পরিষদ ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি শাহ সুলতান মৃধা। তবে, দীর্ঘদিন ধরে ফুলপুর ও তারাকান্দায় জাতীয় পার্টির দৃশ্যমান কোনো কার্যক্রম নেই।

এ ছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দৃশ্যমান কোনো সাংগঠনিক তৎপরতা নেই। এদিকে, ভোট দেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন ভোটাররা। সবচেয়ে বেশি আগ্রহ তরুণ ভোটারদের। কথা হয় তাদের সঙ্গে। তারাকান্দা থানার গোয়াতলা ইউনিয়নের বিল্লাল হোসেন বলেন, আমরা গত ১৭ বছর কোনো ভোট দিতে পারিনি। এবার মনে হয় আমরা ভোট দিতে পারবো। যে পাস করার সে ভোট দিলেও পাস, না দিলেও পাস।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ