জাতিসংঘে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৪ রাজনীতিবিদ, কারণ জানালেন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়বে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন।
সরকার ঘোষিত নির্বাচনের সময়ক্ষণ যখন ঘনিয়ে আসছে, জুলাই সনদ আর পিআর নিয়ে রাজপথে কয়েকটি রাজনৈতিক দল, এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফর ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে একটি বেসরকারী টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনটি দলে চার রাজনীতিবিদ নিয়ে যাওয়ার কারণ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বললেন, যাদের হাত ধরে আগামী বছর গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে বাংলাদেশে। তাদেরকে বিশ্ববাসীর সামনে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে উপস্থাপন করতেই সফরসঙ্গী করা হয়েছে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বহরে।
শফিকুল আলম বলেন, তারা আমাদের পার্টনার। আমরা একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছি। নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এরপরই আমাদের দায়িত্ব শেষ। নির্বাচনে যারা মুখ্য রাজনৈতিক শক্তি, যারা আন্দোলনে ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রেখেছেন, তাদেরকেই বিশ্ববাসীর সামনে উপস্থাপন করা হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ