কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলেন যারা - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলেন যারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। ৯ বছর পর এই সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন দলটির নেতাকর্মীরা।

সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুননির্বাচিত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এ ফল ঘোষণা করেন।

সভাপতি পদে শরীফুল আলম ১৫২২ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট। বাতিল হয় ১২০ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পান ১১৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পান ৬১১ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সাজ্জাদুল হক পান ৭টি এবং শফিকুল আলম রাজন পান ৩০ ভোট। এ পদে বাতিল হয় ৩৩টি ভোট।

১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোটগ্রহণ চলে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, ২০১৬ সালের সম্মেলনে শরীফুল-মাজহারুল কমিটি গঠিত হয়েছিল। কিন্তু সেসময় কাউন্সিল শেষে নাম ঘোষণা করতে কেন্দ্রকে অপেক্ষা করতে হয়েছিল তিন সপ্তাহ। এবার সরাসরি ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ