নিউইয়র্কের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নিউইয়র্কের উদ্দেশে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি।

রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির ছয়জন প্রতিনিধি রয়েছেন।

তাঁদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তাঁরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আর জামায়াত ইসলামীর আরেক প্রতিনিধি ড. নকিবুর রহমান তারেক নিউইয়র্কে যুক্ত হবেন বলে জানা গেছে।
এ ছাড়া প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ছয় উপদেষ্টা।

তাঁদের মধ্যে গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ একই ফ্লাইটে যাচ্ছেন।
অগ্রগামী টিমের সদস্য হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এরই মধ্যে নিউইয়র্ক পৌঁছে গেছেন। অপরদিকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছাবেন।

প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন।

আগামী ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ