প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র ‍সফর নিয়ে তাসনিম জারার স্ট্যাটাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র ‍সফর নিয়ে তাসনিম জারার স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক বিমান রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা শুরু করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন।

এ ছাড়া তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।


সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পাঁচ রাজনৈতিক নেতা। তারা হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্যসচিব ড. তাসনিম জারা। এ ছাড়া জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধিদলের সঙ্গে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন ডা. তাসনিম জারা।

রোববার গভীর রাতে দেওয়া ওই পোস্টে কয়েকটি ছবি শেয়ার করে তাসনিম জারা লেখেন-

‘মাননীয় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে সদস্যসচিব আখতার হোসেন ও আমি সফরে অংশ নিচ্ছি’।

সবার কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের চলমান প্রচেষ্টা ও সবার অংশগ্রহণের ইতিবাচক উদাহরণ বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা করব। সকলের কাছে দোয়া প্রার্থী’।

তাসনিম জারার শেয়ার করা একটি ছবিতে দেখা যায়- একটি সোফায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের পাশে বসে আছেন ডা. তাসনিম জারা। পাশে থাকা আরেকটি সোফায় বসে আছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তারা সবাই বিমানের জন্য অপেক্ষারত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ