নির্বাচনের জন্য ফেনা তুলে রায় মানতে পিছপা হলে হবে না: আবদুল হালিম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, এখন সুষ্ঠু নির্বাচন হলেও বিকেলে ভোট বর্জনের দৃশ্য দেখা যায়। ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত এবং ধর্ম নির্বিশেষে সব ছাত্রছাত্রী দুটি বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে। নির্বাচনের জন্য যত ফেনা তুলছি, ভোটের রায় মানার ক্ষেত্রে যদি পিছিয়ে থাকি, তাহলে কিন্তু হবে না। কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে— সেটা জনগণের ভোটের মাধ্যমেই হবে। আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব।
সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, “জুলাই সনদ কোনো একক দলের দাবি নয়। এখানে বিএনপি, জামায়াত, এনসিপি নয় শুধু— সবারই। তরুণ ছাত্রছাত্রী, কৃষক এবং শ্রমজীবী মানুষ, যারা জীবন দিয়েছে, তাদের এ রক্তের আইনি স্বীকৃতি না হলে চলবে না। এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে।”
তিনি আরও বলেন, “১৯৯১ সালে কেয়ারটেকার সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় আসে। ১৭৩টি হরতালের পর এটা সংবিধানে যুক্ত হয়। আবার আওয়ামী লীগ ২০০৮ সালে কেয়ারটেকারের মাধ্যমে ক্ষমতায় আসে। কিন্তু ২০১১ সালে এসে তারা এটিকে কবর দিয়েছে। সেজন্য আমরা বলি, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করলে জনগণ তা মেনে নেবে না। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত— আমরা মনে করি। আর জাতীয় নির্বাচনের জন্য আমরা যারা এখানে আছি, সবাই প্রস্তুত। কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন মানব না।”
আবদুল্লাহিল আমান আজমী বলেন, “যারা সংবিধান প্রণয়ন করেছেন, আমি ড. কামাল হোসেনকে ২০০৭ সালে জিজ্ঞাসা করেছিলাম। উনি আমাকে কোনো জবাব দিতে পারেননি— এই সংবিধান করার জন্য একটি গণভোট হওয়া উচিত ছিল। পৃথিবীর ইতিহাসে বহু গণভোট হয়েছে, আমাদের দেশেও আছে। গণভোট করে একটি নতুন সংবিধান প্রণয়ন করা হলে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে, আমি সেটাকে বৈধ হিসেবে মেনে নিতাম। কিন্তু আমি অন্তর থেকে এটাকে বৈধ বলে মেনে নিতে পারি না।”
নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আজমী, মুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ