দেশে অরাজকতা সৃষ্টির জন্য জামায়াত ‘পিআর’ প্রসঙ্গ তুলছে: সেলিমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

দেশে অরাজকতা সৃষ্টির জন্য জামায়াত ‘পিআর’ প্রসঙ্গ তুলছে: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৩:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ১৬ বছর ধরে জামায়াতে ইসলাম ‘পিআর’ শব্দটি তোলে নি। তাহলে হঠাৎ আজ কেন এ প্রসঙ্গ তোলা হচ্ছে? এ ভেলকিবাজির খেলায় জামায়াত কেন নামল? মূলত দেশে অরাজকতা সৃষ্টির জন্যই তারা এই ইস্যু তুলেছে।

তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তি আজ ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরেও তারা নতুন করে ‘পিআর’ পদ্ধতির কথা বলছে এবং আন্দোলন করছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষা আন্দোলন’ আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান আরও বলেন, “যারা একসময় দেশের মানুষ হত্যা করেছে, পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে— সেই জামায়াত এখনো তাদের অতীত ভুলতে পারছে না। তারা ক্ষমতায় আসতে বিএনপির দীর্ঘ আন্দোলনকে ব্যাহত করার ষড়যন্ত্র করছে। নির্বাচন ঠেকিয়ে বা পেছানোর মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। কিন্তু বাংলাদেশের জনগণ ও বিএনপি তা হতে দেবে না।”

তিনি বলেন, “আমরা কঠিন সময় পার করছি। বড় আশা নিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছি। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন হবে— এই প্রত্যাশা ছিল। কিন্তু আজ দেখা যাচ্ছে, রোডম্যাপ ঘোষণার পরও নানা চক্রান্ত করে নির্বাচন ঠেকানোর চেষ্টা চলছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “স্বৈরাচার পতনের পরও আমরা এখনো গণতন্ত্রের জন্য লড়াই করছি। জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি আন্দোলন করছে।”

সেলিমা রহমান অভিযোগ করেন, “দেশ আজ অস্থিতিশীল অবস্থায় আছে। আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। তারা জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আমরা তা হতে দেব না।”

তিনি আরও বলেন, “আমাদের দলের মহাসচিবসহ কয়েকজন নেতা ইন্টারিম সরকারের সঙ্গে আমেরিকা গিয়েছেন। কিন্তু যারা দেশকে অস্থিতিশীল করছে, তারা বিদেশেও দেশের সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে। শেখ হাসিনা ভারতে বসে এখনো নানা ষড়যন্ত্র করছেন।”

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “গণতন্ত্রের রক্ষাকবচ হচ্ছে একমাত্র বিএনপি। গণতন্ত্র মানে সবাই মতামত দিতে পারবে। কিন্তু আজ ‘পিআর’ পদ্ধতির মাধ্যমে আবারও ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, “পিআরের জন্য কোনো আন্দোলন হয়নি। ১৬ বছর ধরে জামায়াত এ প্রসঙ্গ তোলেনি। তাহলে হঠাৎ এখন কেন? দেশে অরাজকতা সৃষ্টির জন্যই তারা এমন করছে।”

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আলহাজ নাসির উদ্দিন হাজারী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, বিলকিস ইসলাম, প্রিন্সিপাল শাহ মুহাম্মদ নেছারুল হক, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকী, সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ