মণ্ডপে ২৪ ঘণ্টা ভলান্টিয়ার ও পর্যাপ্ত আলো নিশ্চিতের নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মণ্ডপে ২৪ ঘণ্টা ভলান্টিয়ার ও পর্যাপ্ত আলো নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মণ্ডপে ২৪ ঘণ্টা ভলান্টিয়ার রাখার নির্দেশ দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এই ভলান্টিয়াররা যেন সক্রিয় থাকে। এছাড়া রাতের বেলা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে সেটিও নিশ্চিত করতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, চলমান দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ বছর দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে র‍্যাবের পক্ষ থেকে যাবতীয় আয়োজন করা হয়েছে। র‍্যাবের টহল বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে, সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর। এছাড়া বিভিন্ন মণ্ডপে র‍্যাবের টহল দল নিয়মিত ভিজিট করছে।

তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাব দুর্গাপূজার ডিউটি পালন করছে।

পাশাপাশি র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন দেশব্যাপী বিভিন্ন জেলায় পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করে এই দায়িত্ব পালন করছে। আমরা আশা করি দুর্গাপূজা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো।

র‍্যাব ডিজি জানান, র‍্যাবের সাইবার টিম সার্বক্ষণিক সাইবার ওয়াল্ড মনিটরিং করছে, যাতে কোনোভাবে দুষ্কৃতকারীরা গুজব ছড়িয়ে উৎসবের আমেজ নষ্ট না করতে পারে।

এসময় দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, দয়া করে কোনো প্রকার গুজবে কান দেবেন না। যদি ফেসবুকে কোনো খবর আসে সেটি যাচাই করার মতো সময় আমাদের দেবেন। যদি ওই খবর মিথ্যা হয় তাহলে ওই গুজবকারীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। গুজবকারীরা যেন কোনোভাবেই সফল না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

র‍্যাব ডিজি শহিদুর রহমান বলেন, রবিবার থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটি ঘটনায় আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। সুতরাং আর কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা সতর্ক।

পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপে ভলান্টিয়ার রাখবেন, দিন-রাত ২৪ ঘণ্টা ভলান্টিয়াররা যেন সক্রিয় থাকে, এছাড়া রাতের বেলা যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে সেটিও নিশ্চিত করতে হবে।

পূজামণ্ডপে যেসব দর্শনার্থী আসবে তারা যেন নির্বিঘ্নে আসতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে মা, বোন ও শিশুরা প্রচুর সংখ্যায় পূজামণ্ডপে আসেন, তাদের কেন্দ্র করে ইভটিজিংয়ের ঘটনা যেন না ঘটে সেদিকেও সচেষ্ট আছি। আমরা আশা করছি সবাই মিলে এবারের উৎসবটি সুন্দরভাবে শেষ করতে সক্ষম হব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ