পঞ্চগড়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, মধ্যরাতে থানা ঘেরাও - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে বিএনপি-জামায়াত উত্তেজনা, মধ্যরাতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১১:৪৯ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জামায়াতের নির্বাচনি প্রতীক দাঁড়িপাল্লা ঝুঁলানোকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলার চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নের রথবাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় দুই দলের নেতাকর্মীরা একে অপরকে দোষী সাব্যস্ত করেন।

সোমবার (১৩ অক্টোবর) জামায়াতের নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে মধ্যরাতে দেবীগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা এবং থানায় লিখিত অভিযোগও করেছেন তারা।

অভিযোগে জামায়াত নেতারা দাবি করেন গত (১০ অক্টোবর) বিকেলে ওই এলাকায় জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঝুলানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাদের বাধা ও হুমকির শিকার হয়ে ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম থানায় অভিযোগ করেন।

এতে তারা আরও ক্ষুব্ধ হয়ে উঠে। সোমবার রাতে রথবাজার মসজিদে এশার নামাজ পড়ার পর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ ছয় জনকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি মাস্টার বাজারের একটি চায়ের হোটেলে ডেকে নেন। পরে সেখানে তাদের আটক করে মারধর করা হয়। খবর পেয়ে অন্যান্য ইউনিয়ন থেকে জামায়াত নেতারা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তারা ঘটনায় জড়িত বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড়ের সভাপতি আবুল বাশার বসুনিয়ার নেতৃত্বে থানা ঘেড়াও করে বিক্ষোভ করেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। তাদের দাবি এমন কিছু হয়নি। তারা বলেন, দুপক্ষের মধ্যে কেবল কথা কাটাকাটি হয়েছে এর বেশি কিছু হয়নি।

ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব আলী বলেন, সম্প্রতি শিবিরের এক ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে লিখে, স্বৈরাচারের বাধা উপেক্ষা করে রথবাজারে দাঁড়িপাল্লা উত্তোলন। এই পোস্ট নিয়েই রথবাজারে জামায়াতের নেতাদের সঙ্গে আমরা কথা বলি। তাদের পোস্টটি তুলে নিতে বলি। কিন্তু তারা তুলে নেবে না বলে আমাদের জানায়। এ নিয়েই দুপক্ষের মধ্যে উচ্চস্বরে বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে আমরা চলে আসি এবং নেতাকর্মীদেরও শান্ত থাকতে বলি। পরে জানতে পারি বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা এসেছেন এবং দেবীগঞ্জে গিয়ে বিক্ষোভ করেছেন। তারা যেসব অভিযোগ করছেন এমন কিছুই ঘটেনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড়ের সভাপতি আবুল বাশার বসুনিয়া বলেন, দাঁড়িপাল্লা প্রতীক ঝুলানোকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা আমাদের ছয়জন নেতাকর্মীর উপর হামলা করে চারঘণ্টা আটকে রাখেন। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে আমাদের লোকজন এসে আমাদেরকে উদ্ধার করেন। তখন বেশি আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতেই আমরা মামলার অভিযোগ দেই। কিন্তু এখনো মামলা নথিভুক্ত করা হয়নি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ফেসবুকে কমেন্ট ও দাঁড়িপাল্লা প্রতীক উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আমাদের কাছে খবর আসে জামায়াতের নেতাকর্মীদের আটক করে রাখা হয়েছে। আমরা তাদের জিজ্ঞেস করলে তারা জানায়, আটক নয় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আমরা দুপক্ষকেই চলে যেতে বলি এবং তারা চলে যায়। কিন্তু পরে এসে তারা নানান অভিযোগ তোলেন ও বিক্ষোভ করেন। এ ঘটনায় তারা একটি অভিযোগও দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ