আ’লীগ নেতাকে ধরিয়ে দিতে যুবলীগ নেতার পুরস্কার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসেন কবিরকে কেউ ধরিয়ে দিতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিন।
সম্প্রতি এই যুবলীগ নেতা তার ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ফটোকার্ড শেয়ার করেন এবং ভিডিও প্রকাশ করেন।
ফটোকার্ডে তিনি লিখেছেন, ‘উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম কাঞ্চনা গ্রামের মৃত আহমদ ছগিরের পুত্র ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসেন কবিরকে ধরিয়ে দিন।’
তিনি আরও লিখেছেন, ‘আওয়ামী লীগ নেতা হোসেন কবির উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম প্রকাশ রাশিয়া জসিমের বড় বোনের জামাই এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ ও সিন্ডিকেট বন্ধু। সে গত ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অংশ হিসেবে আমার কাছ থেকে নগদ ও চেকে ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। কেউ তাকে ধরতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে।’
এ ছাড়াও তিনি এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন, সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি আজকে লাইভে এসেছি আপনার কাছে একটি বিশেষ আর্জি নিয়ে। আপনি জানেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতারা কমিটি দেওয়ার কথা বলে বাণিজ্য করেছে, নমিনেশন দেওয়ার কথা বলে বাণিজ্য করেছে। তারই ধারাবাহিকতায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নমিনেশন দেওয়ার কথা বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসেন কবির ৩০ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু নমিনেশন দেওয়া তো দূরের কথা কেন্দ্রে নাম পর্যন্ত পাঠায়নি। সে উল্টো আমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে দিয়েছে ও আমাকে হয়রানি করেছে। সে আমার কাছ থেকে টাকা নিয়েছে প্রায় দুই বছর হচ্ছে। কিন্তু আমি এখনো পর্যন্ত আমার টাকাগুলো ফেরত পাইনি। আমি অনেক কষ্ট করেছি এবং অনেক চেষ্টা করেছি এ টাকাগুলো ফেরত পাওয়ার জন্য। কিন্তু এখনো পর্যন্ত পাইনি, উল্টো আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি এ টাকাগুলো ফেরত পাওয়ার জন্য আপনার (প্রধান উপদেষ্টা) হস্তক্ষেপ কামনা করছি।’
যুবলীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি খবরের কাগজকে বলেন, ‘সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসেন কবির গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে নমিনেশন দিবে বলে আমার কাছ থেকে ৩০ লক্ষ টাকা নিয়েছে। কিন্তু আমার নামটি পর্যন্ত কেন্দ্রে পাঠানো হয়নি। পরে আমার টাকা আদায়ের জন্য আদালতে আমি একটি মামলা দায়ের করেছি। সেও সাইবার ট্রাইব্যুনালে আমার বিরুদ্ধে একটি মামলা করেছে। বর্তমানে মামলা দুটি চলমান রয়েছে।’
এ বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হোসেন কবিরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০২২ সালের জানুয়ারি মাসের শুরুর দিকেও তিনি এমন একটি পোস্ট দিয়েছিলেন।
জনতার আওয়াজ/আ আ