জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার কণ্ঠে নতুন গান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার কণ্ঠে নতুন গান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫ ৭:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও উপস্থাপিকা হিসেবে পান জনপ্রিয়তা। এরপর কাজ শুরু করেন চলচ্চিত্রে। সিনেমায় কাজ শুরু করার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই তারকাকে।

তবে জুলাই গণ-অভ্যুত্থানে একটি হত্যাচেষ্টার মামলায় নুসরাত ফারিয়াকে ১৮ মে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে পুলিশ। এই মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। জামিনে বের হয়ে কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন ফারিয়া। আবারও শোবিজে সরব হয়েছেন এই আলোচিত অভিনেত্রী।

গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে আরেকটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

মডেলিং, উপস্থাপনা ও অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও রয়েছে নুসরাত ফারিয়ার পরিচিতি। ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামে একটি গানের মাধ্যমে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটে ফারিয়ার। প্রথম গান দিয়ে তুমুল আলোচিত হন তিনি। তবে ফারিয়ার গান নিয়ে শ্রোতা মহলে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব কিছু পেছনে ফেলে তিনি আরও চারটি গান প্রকাশ করেছেন। সবগুলো গানেই ফারিয়াকে পাওয়া গেছে ভিন্ন আঙ্গিকে।

আবারও ফারিয়ার তার শ্রোতা-ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন। জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের যদিও গানটির রেকর্ডিং হয়েছিল গত বছরের শুরুর দিকে। এবার এই গানটিই প্রকাশিত হতে যাচ্ছে। গানের সঙ্গে থাকছে ভিন্নধর্মী ও উন্নতমানের ভিডিও। ফারিয়ার প্রকাশিত প্রতিটি গানেই বিশেষ ভিডিও নির্মাণ করা হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফারিয়া সেই গান প্রকাশে বিলম্বের কারণ ব্যাখ্যা করেন এবং নিজের নতুন সংগীত পরিকল্পনা সম্পর্কে জানান।

এ সময় নুসরাত ফারিয়া বলেন, ‘একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে আর সেটি সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে, নতুন কিছু দেখার অনুভূতি দেবে। সে কারণেই সময় লাগছে।’

তিনি আরও জানান, তার কণ্ঠে বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। প্রতিটি প্রজেক্টই খুব সুন্দরভাবে এগোচ্ছে।

নতুন কাজের কথা প্রসঙ্গে এই অভিনেত্রী আরো জানান, তিনি এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে চান যাদের গান শুনে বড় হয়েছেন। বললেন, ‘কয়েকজন সংগীতশিল্পী আছেন, যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে যদি কাজ করার সুযোগ পাই, সেটা হবে সত্যিই দারুণ ব্যাপার। এমন কিছু পরিকল্পনা করছি। দেখা যাক কতদূর যাওয়া যায়।’

গান প্রকাশের পাশাপাশি শিগগির বড় পর্দায়ও ফিরবেন বলেও জানান ফারিয়া। এ সম্পর্কে তিনি বলেন, ‘এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগির ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ