সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে : সুব্রত চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ১, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে বলে অভিযোগ করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
তিনি বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর না করাটা জুলাই যোদ্ধাদের দ্বিচারিতা। এনসিপির উচিত দর কষাকষি না করে জুলাই সনদে সই করা।
শনিবার (১ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) জুলাই সনদ বাস্তবায়নে করণীয় নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকার কিছু তরুণকে নানা সুযোগ-সুবিধা দিয়ে বিপথগামী করেছে উল্লেখ করে সুব্রত চৌধুরী বলেন, ‘ডিসি ও ইউএনও অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তারা খবরদারি করছে। সরকারের ভেতরে সরকার তৈরি হয়েছে। যার ফলে সংস্কার ও আইনের শাসন বাধাগ্রস্ত হচ্ছে।’
গণভোট ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতভেদ নিয়ে সংঘাতের শঙ্কা নেই জানিয়ে সুব্রত চৌধুরী বলেন, ‘ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হবে।
যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে, তাদের বলব, জাতীয় নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়লেই তা অংশগ্রহণমূলক হবে। দলগুলোর প্রতি আহ্বান, আগামীতে কোনো মনোনয়ন ও পদবাণিজ্য করবেন না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার ও গণতন্ত্রায়ন জরুরি। মেধাবীদের সমন্বয়ে একটি কার্যকর সংসদ হওয়া উচিত।
’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানকে সহিংস আন্দোলন বলে যে সাক্ষাতকার দিয়েছে তা ‘হাস্যকর ও ছেলেমানুষি’ বলে মন্তব্য করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বলেন, ‘শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচার অব্যাহতভাবে চলবে। সে যে গণহত্যা করে পালিয়েছে, ভারতকে বলব, তাকে আশ্রয় দিয়ে এসব উস্কানিমূলক কথা বলার সুযোগ দিবেন না, তাকে থামান। আমাদের সঙ্গে বৈরি সম্পর্ক সৃষ্টি করবেন না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে, অন্ধ হয়ে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান বাংলাদেশ। যে ঐক্যের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এখন জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সেই ঐক্যে ফাটল দেখা যাচ্ছে।
জুলাই সনদকে ‘জাতির ঐতিহাসিক দলিল ও রাজনৈতিক বন্দোবস্ত’ হিসেবে অবহিত করে হাসান আহমেদ চৌধুরী বলেন, ‘এ সনদ বাস্তবায়নের ওপর আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। জুলাইয়ের চেতনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। জুলাইয়ের চেতনা ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে। অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। এই ব্যর্থতার দায়ভার বিএনপি, জামায়াত, এনসিপিসহ কেউই এড়াতে পারবে না।’
এর আগে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘জুলাই সনদ বাস্তবায়নে আইনি কাঠামো অপেক্ষা রাজনৈতিক সদিচ্ছা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদের বিতর্ক প্রতিযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
জনতার আওয়াজ/আ আ