দেশকে রক্ষার একমাত্র শক্তি বিএনপি: আব্দুস সালাম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আসন্ন নির্বাচন ও ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, দেশকে রক্ষা করতে, ভারতের সীমান্তে হত্যা বন্ধ করা, ন্যায্য পানি পাওয়া এবং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার জন্য একটি শক্তিশালী জাতীয় সরকার প্রয়োজন—যা কেবল বিএনপিই দিতে পারে। তার ভাষায়, “দেশকে রক্ষার একমাত্র শক্তি বিএনপি, অন্য কোনো শক্তি পারবে না।”
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত “বর্তমান প্রেক্ষাপট, ৭ নভেম্বর ও জিয়াউর রহমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে, আছে এবং থাকবে। তাই অনেকে বিএনপিকে ভয় পায়। তিনি বলেন, “যেভাবে শেখ হাসিনা নির্বাচন দেননি, কারণ তিনি ভয় পেতেন তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসবে—তেমনি আজও একই আশঙ্কায় নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। জনগণের রায়কে তারা ভয় পায়।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পরিবর্তনের পর সবাই আশা করেছিল দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে যাওয়া হবে, কিন্তু সরকার তা করেনি। দুই-একটি দল প্রকাশ্যে বলেছে, ‘আমরা কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ৫ আগস্ট ঘটিয়েছি?’—এতে প্রমাণ হয় তারা জনগণের ক্ষমতা জনগণকেই ফিরিয়ে দিতে চায় না।”
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করছে, ফলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। জনগণ যদি বিএনপিকে ভোট না দেয়, তাহলে ভয় কিসের? নির্বাচন দিন, জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।”
বীর মুক্তিযোদ্ধা সালাম বলেন, “বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে। আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা পরিবারের জন্য নয়—এটি সারা দেশের মানুষের আন্দোলন।”
তিনি অভিযোগ করেন, বিদেশি আধিপত্য থেকে দেশকে রক্ষা করার জন্যও বিএনপি কাজ করছে। তার দাবি, “ভারতের সীমান্তে হত্যা বন্ধ করা, ন্যায্য পানি পাওয়া এবং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষার জন্য একটি শক্তিশালী জাতীয় সরকার দরকার, যা কেবল বিএনপিই দিতে পারে।”
চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “যেখানে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে বিএনপি সফল। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, বিএনপি তা ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ দুর্ভিক্ষ দিয়েছে, বিএনপি মানুষের মুখে ভাত তুলে দিয়েছে।”
জামায়াতের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “ক্ষমতায় যাওয়ার লোভে কেউ কেউ ধর্ম ব্যবহার করছে, কেউ আবার ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে নাটক করছে। জনগণ এসব জানে, কেউ আর প্রতারিত হবে না।”
তিনি আহ্বান জানান, “দেশের মঙ্গলের জন্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসুন, সবাই মিলে বসি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করি।”
আয়োজক সংগঠনের আহ্বায়ক মাওলানা মুফতি মো. আলমগীর হোসেন খলিলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেসারুল হকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ