৬ মাস পর মেট্রোরেলে চাকরি পাবেন নিহত কালামের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৩, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া আরও ছয় মাস পর মেট্রোরেলে চাকরি পাবেন। তবে তিনি কোন পদে চাকরি পাচ্ছেন, তা নির্ধারিত হবে তার অনার্স চূড়ান্ত পর্বের ফলাফলের পর।
সোমবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ।
আইরিনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা আবুল কালামের পরিবারকে সহায়তা করার জন্য একটি স্থায়ী সমাধান খুঁজছি। তার স্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, উনার হয়তো অনার্স সম্পন্ন করতে আরও ছয় মাস সময় লাগবে। অনার্স শেষ হলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তার চাকরির সুযোগ রাখা হয়েছে। তিনি তখন তার ফলাফলের অনুলিপি আর জাতীয় পরিচয়পত্রের অনুলিপি আমাদের কাছে হস্তান্তর করবেন। আমরা তার জন্য চাকরির একটি বিধি তৈরি করছি।’
আইরিন কোন পদে চাকরি পাবেন সেটিও তার ফলাফলের ওপর নির্ভর করবে বলে জানান ডিএমটিসিএল কর্মকর্তারা।
বেশ কয়েকটি গণমাধ্যমে খবর এসেছিল, আইরিন মেট্রোরেলের অপারেটর পদে চাকরি পাচ্ছেন। তবে এ খবরটি সত্য নয় বলে জানিয়েছেন ডিএমটিসিএলের প্রশাসন বিভাগের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ক্ষতিপূরণ নয়। নিহতের পরিবারকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’
জনতার আওয়াজ/আ আ