বিএনপির ষড়যন্ত্র প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বিএনপির ষড়যন্ত্র প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইঞ্জিনিয়ার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ২:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৫, ২০২২ ২:০৫ অপরাহ্ণ

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দেশে যে সংকট চলমান রয়েছে তা সাময়িক হলেও বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র চালাচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় ঘরে ঘরে দূর্গ গড়ে তুলে বিএনপির অশুভ কর্মপন্থা প্রতিহত করতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে।

রোববার বিকেলে চট্টগ্রামে কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, বাংলাদেশের জন্ম না হলে বাঙালি চিরদিন শৃঙ্খলিত হয়ে থাকতো। অথচ ৭৫-এর ১৫ আগস্ট দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীলনকশা অনুযায়ী ৭১-এর পরাজিত শক্তির প্রত্যক্ষ ইন্ধনে কিছু বিপথগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিশ্ববাসীর কাছে বাঙালিকে কলঙ্কিত করে।

তিনি বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট উপস্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেখান থেকে টেনে তুলে আজ উচ্চতার আসনে বসিয়েছেন তা অনেকের সহ্য হচ্ছে না। এরা জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা ধরনের মিথ্যাচার করছে।

ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন প্রমুখ বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ