নারীদের জন্য সংসদের অর্ধেক আসন দাবি নেত্রীদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ১:১৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ আসন নারীদের জন্য দাবি করেছেন উইমেন অন্ট্রাপ্রেনিউর অব বাংলাদেশের নারী নেত্রীরা।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা।
বৈঠকের পর উইমেন অন্ট্রাপ্রেনিউর অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, নারীর সংখ্যা যেন বাড়ে। অন্তত ১৫০টি সংসদীয় আসন যেন নারীদের দেওয়া হয়। নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা সরকারকেও বলতে চাই, নারীরা যারা নির্বাচনে আসছেন তাদেরকে অবশ্যই সহায়তা দিতে হবে।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রেও দেখবেন নারীদের এরকম সহায়তা দেওয়া হয়। সেখানে নারীদের সাহায্য করা এবং তারা যেন নির্বাচন করতে পারেন, সেরকম একটা ব্যবস্থা থাকে। আর নারীরা যেন স্বচ্ছন্দে ভোটও দিতে পারেন, সেটা নিয়েও আমরা কথা বলেছি।’
নাসরিন ফাতেমা আউয়াল বলেন, ‘আমরা চাই, অন্তত ৫০ শতাংশ, আপনার ৩০০টি আসন না কিন্তু ১৫০টি আসন যেন নারীদের জন্য দেওয়া হয়। নারীরা যেন কন্টেস্ট করতে পারে সেই জিনিসটা আমরা একটু নিশ্চিত করতে চেয়েছি।’
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দলগুলোকেও আমরা বলতে চাই, কোথাও দেখা যায় এটা ৫ শতাংশ, কোথাও দেখা যাচ্ছে ৬ শতাংশ, এভাবে মনোনয়ন দিচ্ছে। এভাবে না করে আমার মনে হয় তারা যদি বলে যে এত শতাংশ দেবে, সেভাবে যদি হয় তাহলে কিছুটা ভারসাম্য তৈরি হবে।’
নির্বাচনি তহবিল নিয়ে এই নারী নেত্রী আরও বলেন, ‘নারীদের পক্ষে একটু অসম্ভব, একটু কষ্টকর। একটু না অনেক কষ্টকর। কারণ সহজে কিন্তু পরিবার থেকেও অর্থ পাওয়া যায় না নারীদের জন্য, যেটা নাকি পুরুষরা অহরহ পারেন। আমাদের কথা হলো, সরকার যদি নারীদের একটু সহায়তা করে তাহলে অনেক নারীই নির্বাচনে আসতে পারবেন।’
জনতার আওয়াজ/আ আ