ঢাকা কলেজ শিক্ষার্থীদের ‘ফাস্ট এইড বক্স’ প্রদান ইসলামী ছাত্রশিবিরের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

ঢাকা কলেজ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে হল ভিত্তিক “ফাস্ট এইড বক্স” প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিটি হলের প্রতিনিধিদের কাছে এসব ‘ফাস্ট এইড বক্স’ হস্তান্তর করা হয়।
এসব ফাস্ট এইড বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, গজ ও ড্রেসিং উপকরণ রয়েছে। এছাড়া তারা শিক্ষার্থীদের স্থায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের কাছে চার দফা দাবি জানান।
এসময় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ, দপ্তর সম্পাদক সাইমুন ইসলাম সানি, অর্থ সম্পাদক আব্দুল মালেক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মামুন এবং আইটি সম্পাদক আব্দুর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমাদের ছাত্র জীবনে শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে হঠাৎ অসুস্থতা অথবা দুর্ঘটনার মুহূর্তে প্রাথমিক চিকিৎসা পাওয়ার ব্যবস্থা থাকাটা জরুরি। আজ যে ‘ফাস্ট এইেড বক্স’ দেওয়া হলো, তা আমাদের জরুরি সেবা নিশ্চিত করতে সহায়ক হবে। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ গ্ৰহণ করার জন্য।’
অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, ‘ক্যাম্পাসে প্রতিদিন শিক্ষার্থীরা ছোট-বড় নানা শারীরিক সমস্যার মুখোমুখি হন। কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা সুবিধা না থাকায় অনেকেই ভোগান্তিতে পড়েন। এই বাস্তবতা থেকেই তাদের এ উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘ফাস্ট এইড বক্সগুলোতে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক, গজ ও ড্রেসিং উপকরণ রাখা হয়েছে। শিক্ষার্থীরা যেকোনো সময় এগুলো ব্যবহার করতে পারবেন। প্রয়োজনে আমরা নিয়মিত এগুলো পুনরায় পূরণ (রিফিল) করবো।’
তবে এটি সাময়িক সহযোগিতা উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের স্থায়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কলেজ প্রশাসনের কাছে চার দফা দাবি জানান। দাবিগুলো হলো—
১. ক্যাম্পাসে অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে একটি স্থায়ী স্বাস্থ্য টিম (Medical Support Team) গঠন করা,
২. আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য প্রযোজনীয় সকল ঔষধের সরবরাহ নিশ্চিত করা,
৩. জরুরি সমযে দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি আধুনিক সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স ক্রয়ের ব্যবস্থা করা এবং
৪. কোন একটি হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়ে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এসব ব্যবস্থা বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা অনেকটাই নিশ্চিত হবে বলে জানান তিনি।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে উল্লেখ করে মুস্তাকিম আহমেদ বলেন, ‘নৈতিক চরিত্র গঠন এবং একটি সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। আমরা বিশ্বাস করি একটি চিন্তাশীল, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক ছাত্র সমাজই পারে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আজকের এই কর্মসূচি সেই দীর্ঘ ধারাবাহিকতারই অংশ।’
ভবিষ্যতের কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘এর আগে ক্যাম্পাসে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, ফ্রি কুরআন উপহার কর্মসূচি, ঈদ মধ্যাহ্নভোজ, পিঠা উৎসব, কুইজ প্রতিযোগিতা ও কুরআন পাঠ প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজন করা হয়েছে। এছাড়া বর্তমানে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্পোকেন ইংলিশ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), উদ্যোক্তা উন্নয়ন / উদ্যোক্তা শিক্ষা, ডিজিটাল মার্কেটিং,কুরআনিক ভাষা এবং বেসিক ও অ্যাডভান্সড আইটি সহ বেশ কয়েকটি কোর্সও পরিচালনা করা হচ্ছে।’
কোর্সগুলো শিক্ষার্থীদের শুধু একাডেমিক নয় পেশাগত ও নৈতিক দক্ষতা অর্জনে সহায়তা করছে উল্লেখ করে মোস্তাকিম বলেন, ‘ভবিষ্যতেও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, কল্যাণ এবং ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আরও নানাবিধ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল জ্ঞান অর্জন নয়, বরং মানুষ হিসেবে গড়ে ওঠা। আর সেই মানুষ গড়ার আন্দোলনের অগ্রভাগে থাকবে আদর্শবান, নৈতিক ও দেশপ্রেমিক ছাত্র সমাজ।’
জনতার আওয়াজ/আ আ