বিএনপি নেতা শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় কালো পতাকা নিয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় উত্তাল হয়ে উঠেছে এলাকা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ বিএনপির কার্যালয় থেকে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ড পর্যন্ত বৃহত্তর মানববন্ধন কর্মসূচি পালন করেন তার কর্মী-সমর্থকরা।
কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। এ সময় সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘গরিবের ডাক্তারকে চাই’, ‘হটাও কাজী, বাঁচাও ধানের শীষ’ ইত্যাদি স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ডা. শহিদুল আলম হচ্ছেন জনমানুষের নেতা, গরিবের ডাক্তার। তাকে মনোনয়ন না দিলে সাতক্ষীরা-৩ আসনটি বিএনপির হাতছাড়া হবে। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল ও ডা. শহিদুল আলমের মনোনয়ন দেওয়ার দাবি জানান।
নেতাকর্মীরা বলেন, আমাদের ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে । দাবি না মানা পর্যন্ত প্রতিদিন কর্মসূচি চলবে এবং প্রয়োজন হলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে যাত্রা করবেন বলে জানান তারা।
উল্লেখ্য, রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত সোমবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন পান দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা শহিদুল আলম।
জনতার আওয়াজ/আ আ