নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে যে চক্রান্ত, ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার; সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া। এ দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার।

সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচনটা করবে। প্রফেসর ইউনূসকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি অতি দ্রুত আর কোন কালবিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবে। দেশের একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন।

১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এদেশের মানুষের কোনো আপস হতে পারে না পারে না বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আজকে সুপরিকল্পিতভাবে একটি চক্র, একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এদেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারকে হত্যা করেছিল; তাদের মেয়েদের তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে কি এদেশের মানুষ আপোষ করতে পারে? পারে না। এজন্য মুক্তিযোদ্ধাদের গর্জে উঠতে হবে তো। আমাদের ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা করতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে সামনে আনতে হবে। আমরা এদেশের মানুষ লড়াই করেছি, সংগ্রাম করেছি, মুক্তিযুদ্ধ করে ৭১ সালে দেশকে স্বাধীন করেছি।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ৭১টা হয় নাই, আমরা কিছুই করি নাই; দেশটার জন্য আমরা কোন অবদানই রাখি নাই। এখন ২৪টা যারা করছে, তারাই সব করছে। এমনটাই বোঝানো হচ্ছে।

একাত্তরের দিনগুলো স্মরণ করিয়ে তিনি বলেন, নয়টা মাস আমরা দীর্ঘকাল যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের খবর নেওয়া হয়নি, কত মানুষ কোথায় চলে গেছে। সেই ৭১-কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে কি সেটা ভোলা যাবে? আমি কি আমার জন্মটাকে ভুলতে পারি, এটা মাথার মধ্যে রাখতে হবে।

এ সময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক নাঈম জাহাঙ্গীর, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ মুক্তিযোদ্ধা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ