সামনে একটি পরিবর্তনের নির্বাচন হবে: হুম্মাম কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫ ১২:৫৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির মনোনীত চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আগের মতো নোংরা রাজনীতি ও কাদা ছোড়াছুড়ির দিন শেষ। তিনি বলেন, সামনের নির্বাচন হবে একটি পরিবর্তনের নির্বাচন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘চোর-ডাকাতের রাজনীতির অবসান ঘটাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তিনটি আসনে প্রার্থী হয়েছেন, শুধুমাত্র নেতা-কর্মীদের সাহস দিতে এবং দেশবাসীকে জানাতে যে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি দেশের জন্য লড়বেন।’
তিনি আরও বলেন, ‘রাজনীতিতে নাম বড় করার জন্য নয়, এলাকার মানুষের খেদমতের জন্য করা উচিত। তার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী যেভাবে রাঙ্গুনিয়ার প্রতিটি রাস্তা, ব্রিজ ও উন্নয়নমূলক কাজ করেছেন, তা শুধুই মানুষের কল্যাণের জন্য ছিল, নিজের নাম প্রচারের জন্য নয়। রাজনীতি মানে হচ্ছে মানুষের উপকার করা, এলাকার উন্নয়ন করা।’
হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘আজ পারুয়ায় আসার পথে মনটা কষ্টে ভরে গেছে। এখনো এমন এলাকা আছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি, রাস্তা এত ভাঙা যে গাড়ি চলাচলও সম্ভব নয়। ২০২৫ সালে এসেও এই বাস্তবতা কল্পনাতীত। তাই তার নির্বাচনী ইশতেহারে প্রথম দুই প্রতিশ্রুতি হবে- বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও রাস্তা মেরামত করা। তিনি বিশ্বাস করেন, এই দুটি কাজ হলে পারুয়ায় এমন কোনো মানুষ থাকবে না যে ধানের শীষে ভোট দেবে না।’
তিনি বলেন, ‘তার বাবা বলতেন, নির্বাচন এলেই অনেকে লম্বা লিস্টে ইশতেহার দেয়, কিন্তু বাস্তবে কিছুই করে না। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, পারুয়া এলাকার এই রাস্তার কাজ ইনশাআল্লাহ তিনি করে দেবেন। এটি রাজনৈতিক কারণে নয়, বরং মনে হয় এই কাজটি করলে তার বাবার আত্মাও শান্তি পাবেন।’
এর আগে হুম্মাম কাদের চৌধুরী পারুয়া সাহাব্দিনগর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন এবং মধ্যম পারুয়া হযরত নিজাম উদ্দিন শাহ (রহ.) মাজারে জিয়ারত করেন।
এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ