গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ৯:৪৭ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

‘ধানের শীষের মনোনয়ন জনসম্পৃক্ত ত্যাগী নেতার জন্য চূড়ান্ত হোক’ এই স্লোগানকে সামনে রেখে ‘আমরা ধানের শীষ পরিবারের’ ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে ব্যানার-ফেস্টুন হাতে নেতা-কর্মী অংশ নেন।

মিছিলটি ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের চারমাথায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। বিকেল সাড়ে ৪টার দিকে চারমাথা এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট অবরোধ করে রাখেন মিছলকারীরা। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

গত ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গাইবান্ধা-৪ আসনে সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই এ আসনে মনোনয়ন প্রত্যাশী নেতাদের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, শামীম কায়সার লিংকন ১/১১-র সময় দল ও জিয়া পরিবারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং ছাত্রদল ভেঙে সংস্কারপন্থীদের পক্ষে কাজ করেছিলেন। ২০০৮ সালে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি দল থেকে বহিষ্কৃত হন। ২০১৮ সালের নির্বাচনের সময় দলের ডাকে সাড়া না দিয়ে মালয়েশিয়ায় অবস্থান করেন। গত ১৮-১৯ বছর গোবিন্দগঞ্জে না এসে ঢাকায় ও মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্য করে আরাম-আয়েশে জীবন কাটিয়েছেন।

বক্তারা আরও বলেন, আন্দোলন-সংগ্রামে যুক্ত না থাকায় তার বিরুদ্ধে একটি মামলাও নেই। তবুও তাকে মনোনয়ন দেওয়া হয়েছে- যা তৃণমূল নেতা-কর্মীদের প্রতি অবিচার। তাই তার মনোনয়ন বাতিল করে ত্যাগী নেতাকে মনোনয়ন প্রদানের দাবি জানান তারা।

কর্মসূচি প্রসঙ্গে বিএনপি নেতা রেজাউল করিম বলেন, ‘আমরা বিগত সময়ের সব আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় ছিলাম। ফ্যাসিস্ট সরকারের আমলে ২০টির বেশি মামলায় হয়রানির শিকার হয়েছি। তৃণমূলের পাশে ছিলাম, আছি এবং থাকব। পুনর্বিবেচনা হলে ত্যাগী নেতাই মনোনয়ন পাবেন।’

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন বলেন, ‘যারা মিছিল করেছে তারা দলের কোনো পদ-পদবিতে নেই। একটি মহল তাদের উসকে দিচ্ছে। ভুল বোঝাবুঝি দূর হলে সবাই ঐক্যবদ্ধ হবে। উপজেলা বিএনপি এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ