পাবনা-৩ আসনে প্রার্থী পরিবর্তন না করলে স্বতন্ত্র দাঁড়ানোর ঘোষণা বিএনপি নেতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, নভেম্বর ২২, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিল না করলে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
তিনি বলেন, দল যদি প্রার্থী পরিবর্তন না করে তাহলে আমার চাচা সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম না হয় আমি, আমরা যে কোন একজন নির্বাচন করবো।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর শহরের বাসস্ট্যান্ডে এলাকা থেকে চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা মশাল মিছিল বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যে হাসাদুল ইসলাম হীরা বলেন, মাঝে মাঝে আপনারা বলেন বহিষ্কার করে দেবো। ওই ভয় দেখিয়ে লাভ নেই। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের দমনপীড়ন পুলিশের সাথে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছিলাম। আপনার পায়ে ভর করে দাঁড়িয়েছিলাম না। চাটমোহরবাসীর ভালবাসায় টিকে আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ। জুজুর ভয় দেখাবেন না। বহিষ্কার করতে চান করে দেন। প্রয়োজনে রাজনীতি করবো না। তবুও একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, দল যদি প্রার্থী পরিবর্তন না করে তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে আপনারা নিশ্চিত থাকেন, হয় চাচা, না হয় ভাতিজা, আমরা যে কোন একজন নির্বাচন করবো।
তিনি বলেন, দলে যদি ত্যাগী নেতাদের মূল্যায়ন না থাকে, তাহলে সেই দল কখনো ক্ষমতায় আসতে পারে না। আমার নেতা বারংবার বলেছিলেন ত্যাগী নেতাদের মূল্যায়ন করবো। তাই বলছি পাবনা-৩ এর মনোনয়ন বাতিল করে যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে সেই ব্যর্থতা আপনাদের। যদি তাই হয় তাহলে আপনারা নিশ্চিত থাকেন চাটমোহর থেকে স্বতন্ত্র নির্বাচন চাচা, না হয় ভাতিজা করবে। আমরা পাবনা-৩ এর কোন ভোটারকে নিরাশ হতে দেব না। আমরা জীবনবাজি রেখে হলেও পাবনা-৩ এর সাধারণ মানুষের সাথে আছি। প্রার্থী পরিবর্তন না করা পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলবে ইনশাল্লাহ।
হীরা বলেন, আগামীকাল ২২ নভেম্বর কৃষিবিদ তুহিন সাহেব চাটমোহরে একটি প্রোগ্রাম আহ্বান করেছেন। যেখানে কেন্দ্রীয় কৃষক দল থেকে সারাদেশে কৃষক দলের নেতাদের চিঠি দিয়ে ডাক দেওয়া হয়েছে পাবনা-৩ এর জন্য। সারাদেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে যদি পাবনা-৩ এ তার জন্য ভোট করতে হয় তাহলে তার চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। পাবনা-৩ এ ভোট করতে হলে পাবনা-৩ এর মানুষকেই দরকার। বহিরাগত মানুষকে দিয়ে পাবনা-৩ আসন উদ্ধার হবে না। পাবনা-৩ উদ্ধার করতে হলে পাবনা-৩ এর লোকাল সন্তানকে দিয়েই উদ্ধার করতে হবে। তাই আমি সেন্ট্রাল নেতাদেরকে বলবো, এখনো সময় আছে আপনারা মাঠ জরিপ করে দেখে নিন, আপনারা ভুল জায়গায় ভুল মানুষকে মনোনয়ন দিয়েছেন। যদি নেতাকে খুশি করতে চান তাহলে তাকে কোন টেকনোক্যাট মন্ত্রী বানিয়ে দিন। যদি আসন জিততে চান তাহলে পাবনা-৩ এর মনোনয়ন বাতিল করে নতুন করে মনোনয়ন দিতে হবে। যদি তা না করে আপনাদের সিদ্ধান্তে অটল থাকেন, তাহলে এই আসনে বিএনপির ভরাডুবি হবে। এর জন্য দায়ী থাকবেন আপনারা। আমরা কোন দায়ী থাকবো না। কারণ সাধারণ মানুষ আমাদের কথায় ভোট দেবে না। তারা সবাই চাচ্ছে স্থানীয় সন্তানকে ভোট দিতে। ভাড়াটিয়া লোক দিয়ে পাবনা-৩ উদ্ধার হবে না।
হাসাদুল ইসলাম হীরা আরও বলেন, আমি ও আনোয়ার চাচা দলের হাই কমান্ডের সাথে বসেছিলাম। সেখানেও আমরা একই কথা বলেছি। যার ৫ পার্সেন্ট জনসমর্থন নাই, তাকে যদি আপনারা মনোনয়ন দেন, তাহলে তিনি নির্বাচনে জিততে পারবেন না। যদি দলের কাছে একটা আসনের চাইতে একটা নেতা বড় হয় তাহলে এই নেতাকে (কৃষিবিদ তুহিন) মনোনয়ন দেওয়া সঠিক আছে। আর যদি আসন জিততে হয় তাহলে পাবনা-৩ এর প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। যদি প্রার্থী পরিবর্তন না করে তাহলে নির্বাচনে ভরাডুবির জন্য আমি সেন্ট্রাল নেতাদেরকে দায়ী করবো।
জনতার আওয়াজ/আ আ