সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে: ব্যারিস্টার অসীম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, আসন্ন নির্বাচনে সারাদেশে ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে। এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা আবোল-তাবোল প্রলাপ বকছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-১০ আসনের যুবসমাজকে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে অনুপ্রাণিত করার লক্ষ্যে ঢাকার নিউমার্কেট থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাঁটাবন ঢাল (অষ্টব্যঞ্জন হোটেল এর সামনে) থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।
ব্যারিষ্টার অসীম বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতসহ সকল ক্ষেত্রে গণমুখী কর্মসূচি প্রনয়ণ করবেন।
তিনি বলেন, সংস্কার প্রশ্নে কেউ কেউ বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছেন। বিএনপি একমাত্র দল যে দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর রক্তচক্ষু উপেক্ষা করে সবার আগে সংস্কারের দাবি উত্থাপন করেছে।
ব্যারিস্টার অসীম আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিগত দিনের ন্যায় সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হবে।
গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ