শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিতে চিঠিটি পাঠানো হয়েছে, যেখানে দণ্ডিত দুই ব্যক্তিকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ১৭ নভেম্বর, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রায়ে ট্রাইব্যুনাল জানায়, শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। দুটি অভিযোগে শেখ হাসিনা এবং একটি অভিযোগে আসাদুজ্জামান খান কামাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। অন্যদিকে অ্যাপ্রুভার হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গণ-অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এটাই প্রথম মামলা, যার রায় প্রকাশিত হলো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ