নারী কাবাডি বিশ্বকাপ: ব্রোঞ্জ জিতে রূপালীর বিদায় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নারী কাবাডি বিশ্বকাপ: ব্রোঞ্জ জিতে রূপালীর বিদায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৩, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতেই নারী কাবাডি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। তবে দিনটি আরও বিশেষ হয়ে উঠল অধিনায়ক রূপালী আক্তারের বিদায়ে। সেমিফাইনালে চাইনিজ তাইপের কাছে ২৫–১৮ পয়েন্টে হারলেও নিজেদের সেরাটা দিয়ে লড়েছে স্বাগতিকরা।

২০১২ সালের প্রথম বিশ্বকাপে পঞ্চম হওয়া বাংলাদেশ এবার উন্নতি করল দুই ধাপ। গ্রুপ পর্ব দারুণভাবে পার করে সেমিফাইনালে ওঠা দলটি প্রথমার্ধে চাইনিজ তাইপের বিপক্ষে বেশ লড়াই করেই ৯-৮ ব্যবধানে পিছিয়ে ছিল। বিরতির আগমুহূর্তে সুপার ট্যাকলে দুই পয়েন্ট নিয়ে ব্যবধান কমায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০-৮ পয়েন্টে এগিয়েও যায় বাংলাদেশ। তবে অভিজ্ঞ ও শারীরিকভাবে এগিয়ে থাকা চাইনিজ তাইপে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। অল আউটে পড়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ, শেষ পর্যন্ত ২৫-১৮ পয়েন্টে জিতে ফাইনালে জায়গা করে নেয় চাইনিজ তাইপে।

ম্যাচের আগেই ছিল রূপালীর বিদায়ের বিশেষ আয়োজন। জাতীয় দলের হয়ে ১৬ বছরের পথচলার শেষটা হলো সম্মান আর আবেগে ভরা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার মাথায় পরিয়ে দেন বিদায়ী মুকুট। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ তার কাঁধে তুলে দেন শুভেচ্ছার উত্তরীয়। ২০০৯ সালে শুরু হওয়া ক্যারিয়ারে তিনটি দক্ষিণ এশীয় গেমস, তিনটি এশিয়ান গেমস খেলেছেন রূপালী। ছিলেন ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপ দলেরও একমাত্র বর্তমান সদস্য।

শেষ ম্যাচে নেমে প্রথম রেইডেই পয়েন্ট না পেলেও শেষ পর্যন্ত নেতৃত্বে কোনো কমতি রাখেননি রূপালী। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ফেডারেশন আর সতীর্থদের বিদায়টা আমাকে ছুঁয়ে গেছে। প্রতিযোগিতামূলক কাবাডি আর হয়তো খেলব না, তবে কোনো না কোনোভাবে কাবাডির সঙ্গেই থাকব। এটাই আমার ভালোবাসার জায়গা।’

সেমিফাইনালে হার প্রসঙ্গে তিনি বলেন, ‘চাইনিজ তাইপে আমাদের চেয়ে শক্তিশালী। তারা ইরানকে ১০ পয়েন্টে হারিয়েছে, আমরা হেরেছি ৭ পয়েন্টে। ফাইনালে যেতে পারলে ভালো লাগত, তবে ব্রোঞ্জ পাওয়া কম কিছু নয়।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ