সিলেট-৩ ভোটের মাঠে বিএনপি নেতা মালিকের ‘নিউ লুক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:১৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সিলেট-৩ ভোটের মাঠে বিএনপি নেতা মালিকের ‘নিউ লুক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২৪, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মাথায় কাউবয় ক্যাপ। খয়েরি রঙের ক্যাপটির সম্মুখে ছোট করে বাংলাদেশের পতাকাখচিত। ঘরে কিংবা বাইরে, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে এই এক লুকে দেখা যেত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিককে। সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) তাকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণার পর থেকে চিরচেনা সেই লুকে পরিবর্তন এসেছে। ভোটের মাঠে গত শনিবার থেকে তাকে কাউবয় ক্যাপের বদলে মাথায় টুপি পরতে দেখা গেছে।

রবিবার (২৩ নভেম্বর) এম এ মালিকের নির্বাচন পরিচালনা দপ্তর থেকে পাঠানো ছবিতে এম এ মালিকের এই লুক দেখা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার বিকেলে নির্বাচনি এলাকার চন্ডিপুলে তিনি এক জনসভা করেন। এতে দলীয় নেতা-কর্মী ছাড়াও হাজার খানেক সাধারণ মানুষ অংশ নেন। জনসভা শেষে একটি মিছিল চন্ডিপুল এলাকা পরিদর্শন করে। মিছিলে হুডখোলা গাড়িতে নিউ লুকে মালিক হাতে ধানের ছড়া নিয়ে স্লোগানে গলা মেলান। মিছিলেও ছিল নতুন স্লোগান। বলা হচ্ছিল, ‘লাগারে লাগা/ ধানের ছড়া…’।

জনসভায় মালিক বক্তৃতায় বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই আমার শক্তি। তাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন, সুযোগ-সুবিধা ও সেবা নিশ্চিত করতে চাই।’

সিলেট-৩ আসনের মানুষের প্রত্যাশা অনেক উল্লেখ করে মোহাম্মদ আব্দুল মালিক আরও বলেন, ‘নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, সড়ক যোগাযোগ, স্বাস্থ্যসেবা, আধুনিক নগরায়ণসহ সামগ্রিক উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করব। এলাকার সমস্যা ও মানুষের কষ্ট আমি জানি, এগুলো সমাধানে আমার সব শক্তি ব্যয় করব।’

সভায় বক্তারা মোহাম্মদ আব্দুল মালিককে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, ‘সিলেট-৩ আসনের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন, আর সেই নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন মোহাম্মদ আব্দুল মালিক।’

জনসভা শেষে ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারমিছিল করা হয়। মিছিল ও জনসভায় সিলেট জেলা, মহানগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোটের মাঠে লুক বদল প্রসঙ্গে এম এ মালিকের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ বিএনপির স্থানীয় এক নেতা বলেছেন, ‘ভোটের মাঠে কাউবয় ক্যাপ বিভ্রান্তি ছড়াতে পারে, এ জন্য পরিবর্তন করা হয়েছে। অন্তত ৩০ বছর পর তাকে কাউবয় লুক বদল করতে দেখা গেছে।’

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, উপদেষ্টা অ্যাডভোকেট এ টি এম ফয়েজ, সহসভাপতি গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাকিল মুর্শেদ, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ