শক্তি পরীক্ষা করতে চাইলে নির্বাচনে আসুন, বিএনপিকে কাদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ১২:১৩ পূর্বাহ্ণ

বিএনপিকে উদ্দেশ্য করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শক্তির পরীক্ষা করবেন বড়-বড় কথা না বলে নির্বাচনে আসুন। প্রতিদ্বন্দ্বিতা হবে। দেখা যাবে জনপ্রিয়তা কার। শেখ হাসিনার জনপ্রিয়তা সারা দুনিয়া প্রসংশা করে। আর আপনারা হিংসায় মরেন, হিংসায় জ্বলেন। হিংসা করে সরকার পতন ঘটাতে ঘটাতে ১৩ বছর চলে গেলো। এখন মানুষের প্রশ্ন কবে দেখা দিবে সোনার হরিণ, কবে দেখা দিবে ক্ষমতার ময়ূর সিংহাসন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় “প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভা ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকায় জননেত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে প্রতিনিধিদের মাধ্যমে অসহায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘সরকার খাদের কিনারে, যেকোনো সময় পতন ঘটতে পারে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ কথা শুনছি ১৩ বছর ধরে। আজ নয় কাল, এই ঈদের পর নয়, কোরবানি ঈদের পর, বন্যা-পরীক্ষা এই ভাবেই শুধু দিন-তারিখ দিয়েছে। এই ভাবে ১৩ বছর পার করেছে। ১৩ বছরে একটাও আকর্ষণীও মিছিল করতে পারে নি, তাদের নেত্রীর মুক্তির জন্য। তাদের নেতিবাচক রাজনীতির কারণে আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। গত ১৩ বছর সরকার পতনের স্বপ্ন দেখতে দেখতে বিএনপিই এখন খাদের কিনারায়।
আরেক প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, আজকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার আসছে। এই ভদ্র মহিলা কিন্তু চিলির পিনোচেট চক্রের ষড়যন্ত্রের শিকার। তিনি আমাদের নেত্রীরও ঘনিষ্ঠ। তার পরিবার বারে বারে নির্যাতিত, মিশেল ব্যাশেলে। উনি প্রধানত এসেছেন রোহিঙ্গাদের ব্যাপারে। এর সঙ্গে আরও অনেকের অভিযোগ গেছে। উনি পারে, উনার এখতিয়ার আছে বলার। ফখরুল সাহেব বলছেন, তাকে নিন্দা করতে। এটা তো তার এখতিয়ার না। মনে হয় যে, মিশেল ব্যাশেলের শেখ হাসিনা সরকারকে শাস্তি দিয়ে দিবে। শাস্তি দিয়ে দণ্ড দিয়ে দিবে। ফখরুল সাহেব আবার বলেছে, জাতিসংঘের অধীনে তদন্ত করতে, সেটা কি হয়!
মির্জা ফখরুল ইসলামের উদ্দেশ্য তিনি আরও বলেন, ফখরুল সাহেব লেখাপড়া করেছেন, জাতিসংঘের এখতিয়ার জানেন না। এখতিয়ার আছে, তিনি সরকারকে বলতে পারে এসব বিষয়ে কনসার্ন আছে তুমি এ বিষয়ে তদন্ত করতে পারো। কিন্তু তাদের অধীনে হবে না, মিশেল ব্যাচেলে শাস্তি দিতে পারে না। এটা তার এখতিয়ার নেই।
ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য সচিব এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।
জনতার আওয়াজ/আ আ