ইসলামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ২৬, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার মলমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার মলমগঞ্জ এলাকার মো. শুভ (২০), মো. পিয়াস (১৯)। বাকি দুইজনের নাম জানা যায়নি। তাদের মধ্যে পিয়াসকে মুমূর্ষু অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মী-সমর্থকরা তাকে উপজেলার কুলকান্দি গ্রামের বাড়িতে রেখে আসার সময় মলমগঞ্জ বাজারে বিএনপি থেকে ধানের শীষের মনোনীত পাওয়া সুলতান মাহমুদ বাবুর কর্মী-সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফরহাদ গ্রুপের চারজন আহত হন। তাদের মধ্যে পিয়াস নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শুভকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ইসলামপুর কমপ্লেক্স থেকে বাসায় চলে গেছেন।
এ বিষয়ে জামালপুর-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু বলেন, ‘আমার কোনো লোক ওখানে যায়নি। যদি আমার কোনো লোক এমন কাজ করে থাকে তাহলে তাদের উপযুক্ত বিচার করা হবে।’
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন শুনেছি। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জনতার আওয়াজ/আ আ