বাংলাদেশের মানুষের ভাগ্য বদলই আমাদের লক্ষ্য: মুজিবুর রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বাংলাদেশের মানুষের ভাগ্য বদলই আমাদের লক্ষ্য: মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫ ৯:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষের তৈরি মতবাদ দিয়ে বাংলাদেশকে ৫৪ বছর শাসন করা হয়েছে, কিন্তু মানুষের মুখে হাসি ফোটেনি, দুঃখ-দুর্দশার অবসান হয়নি। এই দীর্ঘ সময়ে দেশের মানুষ কষ্টে দিন কাটিয়েছে। আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই।

তিনি বলেন, জাতীয় সংসদসহ সব প্রতিষ্ঠান আল্লাহর আইনে চলবে, ইসলামবিরোধী কোনো আইন চলতে দেওয়া হবে না। আল্লাহ যে হাত দিয়েছেন, সেই হাত দিয়েই আমরা আল্লাহর আইনের পক্ষে সিল মারব। তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, হাত তুলে আল্লাহকে প্রতিশ্রুতি দিন, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর আইনের পক্ষে থাকবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠের একাংশে আয়োজিত ৮ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমাদের ৮ দল ইসলামী আইনের পক্ষে ঐক্যবদ্ধ। এই ৮ দলকে দেশের ৯০ ভাগ মুসলমানের দলে পরিণত করতে চাই। বাংলাদেশের সব ইসলামী দল ইসলামের পতাকার নিচে সমবেত হবে ইনশাআল্লাহ। বিএনপিকেও আহ্বান জানাই, আপনারা আসুন, আল্লাহকে এক বলে মানুন। কিন্তু তারা যখন বলে শরীয়তের আইনে বিশ্বাস করে না, তখন দুঃখ পাই। তারা জেনে বলছে, নাকি না জেনে বলছে তা পরিষ্কার নয়।

তিনি আরও বলেন, ৫৪ বছর আমরা শান্তি পাইনি। মানুষ যখন আল্লাহর আইনে সম্পূর্ণ আনুগত্য করবে, তখনই দেশে শান্তি আসবে। কোরআন ও সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে ৮ দল ঐক্যবদ্ধ হয়েছে। এ জন্য যদি জীবন দিতে হয়, তাতেও প্রস্তুত থাকতে হবে।

নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরে তিনি বলেন, চুরি, ডাকাতি ও হত্যাকারীদের বিচার করতে হবে। কেউ কেউ বলছে তারা ক্ষমতায় গেলে সব বিচার তুলে দেবে। তাহলে অপরাধী আর অপরাধকে সমর্থনকারী কি আলাদা থাকে? আমরা গণভোটের দাবি জানিয়েছি। গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণকে ভয় করে তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, আমরা ২০১৪, ২০১৭ ও ২০২৪ সালের মতো নির্বাচন চাই না। মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে পারে সে জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের পাঁচ দফা দাবি মেনে সুন্দর নির্বাচন দেওয়ার আহ্বান জানাই।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, নেজামে ইসলামের মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন ও জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র প্রকৌশলী রাশেদ খান প্রধান।

সমাবেশে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন আসনের প্রার্থী ও নেতাকর্মীরা নিজ নিজ দলের ব্যানার ও পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ