আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসকের মানববন্ধন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আসকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় র‌্যালিটি আইন ও সালিশ কেন্দ্র (আসক) কার্যালয় থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচির সূচনা বক্তব্যে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সিনিয়র কো-অর্ডিনেটর আবু আহমেদ ফয়জুল কবির দেশে বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের জবাবদিহি নিশ্চিতের দাবি জানান।

এরপর আসকের পক্ষ থেকে ঝর্ণা খানম আসকের ১৫ দফা দাবি উত্থাপন করেন। যার মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে নির্যাতনের অবসান, বেআইনি গ্রেপ্তার বন্ধ, মিথ্যা মামলার অবসান, শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত, আইন-শৃঙ্খলা বাহিনীর পেশাদার ও জবাবদিহিমূলক আচরণ, নারীর সমান অধিকার বাস্তবায়ন, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, শিল্প-সংস্কৃতির স্বাধীন চর্চা, মব সহিংসতার বিচার, মানবাধিকার ও তথ্য কমিশনের স্বচ্ছ পুনর্গঠন, পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন, নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষ ও কার্যকর হিসেবে গঠন, নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা এবং মানবাধিকার সংগঠনগুলোর নির্বিঘ্ন কার্যক্রম নিশ্চিতের দাবি অন্তর্ভুক্ত ছিল।

আসকের সিনিয়র স্টাফ ল’ইয়ার সেলিনা আক্তার তার বক্তব্যে অনলাইন প্লাটফর্মে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান। আজকের কর্মসূচিতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট আব্দুর রশিদ ও অ্যাডভোকেট শিল্পী সাহা।

কবিতা আবৃত্তি করেন শিল্পী শর্মা। কর্মসূচিতে আসকের সব পর্যায়ের কর্মীরাসহ শুভানুধ্যায়ীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সমাপনী বক্তব্য দেন আসকের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্য মাবরুক মোহাম্মাদ। বক্তব্যে আসকের উপদেষ্টা মাবরুক মোহাম্মাদ বলেন, ‘মানবাধিকার সুরক্ষা ছাড়া ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।


কর্মসূচিতে বক্তারা দেশে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ