বরিশালে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেত্রী নাসরিন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বরিশালে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার বিএনপি নেত্রী নাসরিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে বরিশাল–৫ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের অনুসারীদের বিরুদ্ধে।

রবিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস আক্তার জাহানসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে তারা স্থান ত্যাগ করছিলেন। ঠিক একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তার অনুসারীদের নিয়ে একই ব্যানারে শ্রদ্ধা জানাতে বেদিতে ওঠেন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি, পরে হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে সরোয়ারের অনুসারী মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা নাসরিনকে ঘিরে ধরে তাকে ও তার অনুসারীদের মারধর করেন। এ সময় তাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং পুষ্পস্তবক ভেঙে দেওয়া হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার জেরে বরিশাল বিএনপির রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আফরোজা খানম নাসরিন বলেন, ‘বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ারের দেহরক্ষী আবু হোসেন এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ ২৫–৩০ জন কর্মী আমাদের ঘিরে ফেলে। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাকে ও ১০–১২ জন নেতা-কর্মীকে আহত করা হয়। তার সরাসরি নির্দেশ না থাকলে তারা আমার ওপর হামলার
সাহস পেত না।’

তিনি আরও বলেন, বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়েছে। সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে এ ঘটনার সমাধান করা হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান বলেন, কর্মীদের মধ্যে একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। দল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অভিযোগ প্রসঙ্গে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে নাসরিনের সঙ্গে মহানগর বিএনপির অধিকাংশ নেতা-কর্মীর দূরত্ব রয়েছে। মান অভিমানের কারণেই তিনি এমন বক্তব্য দিচ্ছেন। ঘটনার সময় আমি ছিলাম না। পরে শুনেছি, বেদিতে ওঠানামার সময় ঠেলাঠেলি হয়েছে, যা ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবেই ঘটতে পারে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ