ওয়াসা, বিদ্যুৎ ও যানজট রাষ্ট্রীয় সংকট, সমাধান আসবে নির্বাচিত সরকারের হাতেই: রবি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াসা, বিদ্যুৎ ও যানজট রাষ্ট্রীয় সংকট, সমাধান আসবে নির্বাচিত সরকারের হাতেই: রবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, ওয়াসার পানির সরবরাহ সংকট, পানির নিম্নমান, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং নিয়ন্ত্রণহীন যানজট এই তিনটি সমস্যা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট এলাকার নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংকটের অংশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির রায়ের বাজার স্কুলের পাশে মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম রবি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। তারা এসেছে রাজনৈতিক সংকট নিরসনে, জনগণের দৈনন্দিন জীবনসংকট সমাধানে নয়। ফলে ওয়াসা, বিদ্যুৎ কিংবা বড় ধরনের নাগরিক সেবা সংস্কারে তারা কার্যকর উদ্যোগ নিতে পারছে না। এসব সমস্যার সমাধান আসবে নির্বাচিত সরকারের মাধ্যমে।”

ওয়াসা সম্পর্কেও তিনি বলেন, “পানি কম আসে, মানও যথেষ্ট নয়। সংশ্লিষ্ট দপ্তরে গেলে জানানো হয়, প্রকল্প বা অর্থ বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। কারণ বর্তমান সরকার মনোযোগী নয় এবং দায়বদ্ধতাও নেই।”

বিদ্যুতের ভূতুড়ে বিল প্রসঙ্গে তিনি বলেন, “এটি ব্যক্তিগত কোনো ভোগান্তি নয়, এটি পুরো সিস্টেমের ত্রুটি। বিগত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ বিলিং ব্যবস্থা ব্যবহারবান্ধব নয় এবং জবাবদিহিতাহীন। প্রিপেইড কার্ডে টাকা দেওয়ার পর কীভাবে হিসাব হচ্ছে, তার কোনো স্বচ্ছতা নেই। ফলে পুরো সমাজই ভুক্তভোগী।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন একটি ন্যায্য ও স্বচ্ছ বিলিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা বাস্তবায়ন হবে নির্বাচিত সরকারের মাধ্যমে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক বা অরাজনৈতিক কোনো অবৈধ শক্তি যদি মানুষের ওপর চাপ প্রয়োগ করে, ভয় দেখায় বা জিম্মি করে, তাহলে জনগণ নীরব থাকবেন না। আমাকে জানাবেন। নাম বলতে না পারলেও কীভাবে, কখন, কার মাধ্যমে হচ্ছে তা জানাবেন। দায় আমি নেব।”

তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি কোনো অবৈধ শক্তির কাছে জিম্মি হবে না। রাজনীতির নামে মানুষের অধিকার হরণ চলবে না।”

ঢাকা শহরের যানজট নিয়ে রবি বলেন, “নিয়ন্ত্রণহীন অটোরিকশা ঢাকা শহরের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ। পৃথিবীর কোনো মেগাসিটিতে এভাবে অটোরিকশা চলতে পারে না। প্রয়োজনে অটোরিকশাকে একটি সিস্টেমে আনা হবে।”

তিনি আরও জানান, বিএনপির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা শহরে অটোরিকশা নিয়ন্ত্রিত ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া সংকীর্ণ সড়কে যানজট কমাতে কিছু রাস্তা ওয়ানওয়ে করার কথাও উল্লেখ করেন।

সামাজিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা সবাই কমফোর্ট চাই, কিন্তু নিয়ম মানতে চাই না। এই মানসিকতা বদলাতে সামাজিক আন্দোলন দরকার।”

শেখ রবিউল আলম রবি বলেন, “এর আগেও আপনারা ভোট দিয়েছেন, কিন্তু ভোট গণনা হয়নি। এবার বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছেন। যদি নির্বাচিত হই, আপনার অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রের ভেতরে সর্বোচ্চ উদ্যোগ নেব।”

এ সময় মহিলা দল ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ