তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
১৭ বছর পর জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সর্বোচ্চ জনসমাগম ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রাজধানীর ৩০০ ফিট সড়কে তাকে গণসংবর্ধনা দেওয়ার জন্য মঞ্চ নির্মাণের কাজ চলছে। সেখানে জাতির উদ্দেশে তারেক রহমানের সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার আগমন ঘিরে সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান নির্বাচন কমিশনে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। গতকাল সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করেছেন তারেক রহমান। দেশে ফিরতে তিনি গত ১৮ ডিসেম্বর ট্রাভেল পাসের জন্য আবেদন করেন এবং পরদিনই তা হাতে পান। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করবে। এ সময় তার সফরসঙ্গীদের মধ্যে থাকবেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা জারনাজ রহমান, মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত কর্মকর্তা আবদুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা।

ঢাকায় বুলেটপ্রুফ বাস
নির্বাচনি কাজে ব্যবহারের জন্য জাপান থেকে বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস ঢাকায় পৌঁছেছে। গত রবিবার বাসটি চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি দেশে পৌঁছেছে। টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের এই গাড়িটি ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নামে নিবন্ধিত হয়েছে।

ইতিহাসের সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় বিএনপি
তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় সর্বোচ্চ জনসমাগম ঘটাতে চায় বিএনপি। দলটির নেতারা জানান, সারা দেশ থেকে প্রায় ২০ লাখ নেতা-কর্মী ও কয়েক লাখ সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারের মধ্যেই অধিকাংশ নেতা-কর্মী ঢাকায় পৌঁছাবেন। দলের শীর্ষ নেতারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে রিসিভ করবেন। ইতোমধ্যে সাতটি রুটে স্পেশাল ট্রেন সার্ভিস চালুর জন্য আবেদন করা হয়েছে।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন নাকি ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থলে যাবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এভারকেয়ারে যাওয়ার আগে সংবর্ধনার স্থানে যাওয়ার সম্ভাবনা বেশি। পরে তিনি তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে দেখে সরাসরি তার গুলশানের বাসায় চলে যাবেন।

তারেক রহমানের নিরাপত্তার প্রস্তুতি
২৫ ডিসেম্বর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য তারেক রহমানের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত এই নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

এ সময় বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও হাসপাতাল থেকে গুলশানের বাসা পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে। সঙ্গে থাকবে পুলিশের ‘স্পেশাল এসকর্ট’। এ ছাড়া বিভিন্ন মোড়ে পুলিশি চেকপোস্ট (তল্লাশিচৌকি) রাখা হবে। একই সঙ্গে দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সসহ একাধিক টিম কাজ করবে। এ ছাড়া দলের বিশ্বস্ত নেতা-কর্মীদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে।

দেশে ফেরার পরের দিনের কর্মসূচি
দেশে ফেরার পরের দিন শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। দায়িত্বশীল এক নেতা জানান, প্রত্যাবর্তনের পর দিন শুক্রবার তিনি তার বাবার মাজারে যাওয়ার পরিকল্পনা করেছেন। আর পর দিন ২৭ ডিসেম্বর তিনি ভোটার হবেন।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সফল করতে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি অভ্যর্থনা কমিটি করা হয়েছে। কমিটির সদস্যসচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষে নিজ জন্মভূমিতে ফিরছেন তারেক রহমান। তার এই ফেরাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি সম্পূর্ণের দিকে। আয়োজন সফল করতে সারা দেশের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সভা হয়েছে, সব অঙ্গসংগঠনের ও মিডিয়ার সঙ্গে বৈঠক হয়েছে। আশা করছি, ২৫ ডিসেম্বর একটি ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ