কালো অধ্যাদেশ বাতিলের জোর দাবি ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কালো অধ্যাদেশ বাতিলের জোর দাবি ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ট্রাভেল এজেন্সী ব্যবসার স্বার্থবিরোধী উল্লেখ করে ট্রাভেল এজেন্সী নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৬ বাতিলের জোর দাবি জানিয়েছেন ট্রাভেল খাতের শীর্ষ নেতা ও ব্যবসায়ীরা।

রবিবার (৪ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আটাব সদস্য কল্যাণ ঐক্যজোট আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আটাব সদস্য কল্যাণ ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দিন টিপু সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আটাবের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মাহবুব, সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ জুমান চৌধুরী, হাবের অর্থ সম্পাদক আব্দুল হামিদ, আটাবের যুগ্মসচিব মাহমুদ ভুঁইয়া মানিক,আটাব সংস্কার পরিষদের আহবায়ক গোফরান চৌধুরী।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নতুন অধ্যাদেশের একাধিক ধারা ট্রাভেল এজেন্সী ব্যবসাকে কার্যত অচল করে দেবে। এসব ধারা কার্যকর হলে দেশে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়বে হাজারো কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের ওপর।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, অন্য কোনো ট্রাভেল এজেন্সী থেকে টিকিট ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপের ফলে অধিকাংশ এজেন্সীর পক্ষে যাত্রীসেবা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। কারণ দেশে নিবন্ধিত প্রায় ৫ হাজার ৮০০ ট্রাভেল এজেন্সীর মধ্যে মাত্র ৮০০টি আইয়াটা সদস্য। ফলে বাকিগুলো বার্ষিক বিক্রয় বিবরণী দেখাতে না পারায় লাইসেন্স নবায়নেও সংকটে পড়বে।

এছাড়া অফলাইন ট্রাভেল এজেন্সীর জন্য ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টির বিধানকে অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করেন বক্তারা। তাদের মতে, আর্থিক সক্ষমতার অভাবে হাজারো এজেন্সীর পক্ষে এ শর্ত পূরণ করা সম্ভব নয়।

শুনানি ছাড়াই লাইসেন্স স্থগিতের বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, এতে হয়রানির সুযোগ তৈরি হবে। যেকোনো প্রশাসনিক সিদ্ধান্তের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি শাস্তির মেয়াদ ও জরিমানা বৃদ্ধির প্রস্তাবেরও বিরোধিতা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে প্রায় পাঁচ হাজার ট্রাভেল এজেন্সী মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট পরিবারের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে অবিলম্বে এই ‘কালো অধ্যাদেশ’ বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ