জকসু নির্বাচন: ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জকসু নির্বাচন: ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন। মঙ্গলবার সকাল ৯টার পর বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবার শিক্ষার্থী সংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, যে-ই নির্বাচিত হোন, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ের নেতা বুঝে নিচ্ছে, এটাই বড় বিষয়।

মাইক্রোবায়োলজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী জুনায়েদ খান চৌধুরী বলেন, ‘অনেক আনন্দিত। প্রথমবার ভোট দিতে পারছি। আমাদের শঙ্কা ছিল জকসু জাতীয় নির্বাচনের আগে হওয়া নিয়ে। বিশেষ করে স্থগিত হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন জাতীয় নির্বাচনের আগে আর জকসু নির্বাচন হচ্ছে না। তবে শিক্ষার্থীদের চাপে প্রশাসন দিতে বাধ্য হয়েছে।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌ বলেন, ‘খুবই ভালো লাগছে। যদিও স্থগিতের দিনের যে আমেজটা ছিল; এখন সেটি নেই। ফলে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বাড়বে।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের জন্য মোট ৩৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে বসানো হয়েছে ১৭৮টি বুথ। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ