ময়মনসিংহ প্রেসক্লাবের ইতিহাসে ভোটযুদ্ধে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬ ১১:৩৪ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক :
ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৭ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। উৎসবমুখর পরিবেশে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কাইয়ুম নির্বাচিত হয়েছেন। কমিটির বাকি ১৫ টি পদে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এবারের নির্বাচনে ১৬ টি পদের মধ্যে একমাত্র সাধারণ সম্পাদক পদটিতে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পেয়েছেন ৩২ ভোট।
সাধারণ সম্পাদক পদ ব্যতীত অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অন্যান্য পদে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি অধ্যাপক মো. আবুল কাশেম ও মো. নওয়াব আলী, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান টিটু, যুগ্ম সম্পাদক. আবু সালেহ মো. মুসা।

এছাড়া, অন্যান্য সম্পাদকীয় পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, জাহাঙ্গীর কবীর জুয়েল (ক্রীড়া), এএসএম হোসাইন শাহীদ (সাহিত্য ও সংস্কৃতি) এবং আদিলুজ্জামান আদিল (নাট্য ও প্রমোদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর।
কার্যনির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। তাঁরা হলেন, অমিত রায়, এম আইয়ুব আলী, মোশাররফ হোসেন, মীর গোলাম মোস্তফা, ড. মোহাম্মদ নূরুল্লাহ, মো. শাহজাহান এবং নিয়ামুল কবীর সজল।
নির্বাচন পরিচালনা করেন, রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মতিন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন ক্লাবের সাধারণ সদস্যরা।
জনতার আওয়াজ/আ আ