মাহমুদুর রহমান মান্না আগের চেয়ে সুস্থ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না আগের চেয়ে সুস্থ আছেন বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
চিকিৎসকদের ভাষ্যমতে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং বড় ধরনের কোনো ঝুঁকি নেই।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিসিইউ-২-এ তার স্বাস্থ্য পরীক্ষা ও সার্বিক মূল্যায়নের জন্য গঠিত মেডিকেল বোর্ড এ তথ্য জানায়।
মেডিকেল বোর্ডের সদস্যরা জানান, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে বুকে ব্যথা অনুভব করলে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বিএমইউ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
শুক্রবার দুপুর ১২টার দিকে বোর্ডের পর্যবেক্ষণ শেষে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. মুকিত বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো ও স্থিতিশীল রয়েছে। সার্বিকভাবে কন্ডিশন ভালো। চিকিৎসার অংশ হিসেবে আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো আশঙ্কা নেই এবং সবকিছু অনুকূলে থাকলে আগামীকালের মধ্যেই তাকে বাসায় নেওয়া সম্ভব হতে পারে।
মেডিকেল বোর্ডে আরও ছিলেন- ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. এইচ. হামিদ আহমেদ, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. খোরশেদ আহমেদ, অধ্যাপক ডা. মো. আবু সেলিম এবং সহযোগী অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম।
জনতার আওয়াজ/আ আ