ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয় - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া রবিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। অনুমোদন পেলে দ্রুতই অধ্যাদেশ কার্যকর হবে বলে জানা গেছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশ চূড়ান্ত করার আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মতামত সংগ্রহ, ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে সর্বসাধারণের মতামত গ্রহণ, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের সময় সকলের যৌক্তিক প্রত্যাশা ও উদ্বেগ বিবেচনায় রেখে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার উপযোগী কাঠামো নির্ধারণ করেছে। ধৈর্যশীল সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার কারণে শিক্ষা মন্ত্রণালয় জটিল এই প্রক্রিয়াকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। বিভাগ নিয়মিত প্রেস রিলিজের মাধ্যমে অগ্রগতির তথ্য সর্বসাধারণকে জানিয়ে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, টেকসই ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মৌলিক ও উপরিকাঠামোগত সংস্কার ধাপে ধাপে এবং যথাযথভাবে সম্পন্ন করতে হয়। কোনো পর্যায়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলা পুরো উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় এই অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছে, জনদুর্ভোগ বা স্বাভাবিক জীবন ব্যাহত করার কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আবেগপ্রসূত বা অস্থিতিশীল পরিস্থিতি দীর্ঘদিনের এই অর্জনকে নষ্ট করতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধৈর্য ও সহযোগিতার ধারাকে অব্যাহত রেখে দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আনুষ্ঠানিক যাত্রা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের উচ্চশিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ