নোয়াখালী-৬ আসন: হান্নানের ওপর ভরসা, ঐক্যের বার্তা দিল ১০ দলের প্রার্থীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নোয়াখালী-৬ আসন: হান্নানের ওপর ভরসা, ঐক্যের বার্তা দিল ১০ দলের প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের প্রতি আস্থা প্রকাশ করে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছেন ১০ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের প্রার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসউদসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি সারাদেশে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ২৫৩টি আসনে জোটগতভাবে প্রার্থী ঘোষণা করা হয়। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির প্রার্থী হিসেবে আব্দুল হান্নান মাসউদই জোটের চূড়ান্ত প্রার্থী।

এ ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গণে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল পর্যায়ে কিছুটা মতভেদ থাকলেও বৃহত্তর ঐক্যের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

একাধিক জোটনেতা জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সমন্বয় প্রক্রিয়া আরও বিস্তৃত হতে পারত। শুরুতে কিছু নেতা-কর্মীর মধ্যে ভিন্নমত থাকলেও আব্দুল হান্নান মাসউদের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।

হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার বোরহানুল ইসলাম সংবাদপত্রকে বলেন, ‘হাতিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সবাই এক জায়গায় এসেছি। জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক সংবাদপত্রকে বলেন, ‘আলহামদুলিল্লাহ, একটি উন্নত, আধুনিক ও নিরাপদ হাতিয়া গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ সংবাদপত্রকে বলেন, ‘এই ঐক্য হাতিয়ার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। সবাইকে সঙ্গে নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ