জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২৭, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ

 

বাগেরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জামায়াত ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে মোংলা-রামপাল সংসদীয় আসনের (বাগেরহাট-৩) ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের হাতে হাত রেখে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় তারা ফুলের তোড়া দিয়ে বিএনপির প্রার্থীকে শুভেচ্ছা জানান। পরে বিএনপি প্রার্থী তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান। এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বিএনপিতে সদ্য যোগ দেওয়া রামপালের উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আ. কাদের বলেন, ১৯৯৫ সালে শিবির দিয়ে রাজনীতি শুরু করেছিলাম। এরপর যুব জামায়াত করেছি। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তার নীতি-আদর্শের মধ্যে নেই। এছাড়া এ এলাকার বিএনপির প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম একজন কর্মী বান্ধব নেতা। তার কর্মকাণ্ড ও আচার-ব্যবহারে আকৃষ্ট হয়ে আমরা জামায়াত, যুব জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা বিএনপিতে যোগ দিয়েছি। এখন থেকে আমরা বিএনপির রাজনীতি করবো।

জাতীয় পার্টির উজলকুড় ইউনিয়ন সহসভাপতি মোল্লা মহসিন বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এখানে এমন একজন সৎ, নির্ভীক ও যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন, তার রাজনৈতিক এবং ব্যক্তিগত কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।

বিএনপিতে যোগ দিয়ে গোবিন্দ গাইন বলেন, বিগত সময়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকেই কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কিন্তু বিগত ১৬/১৭ বছর ধরে বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এ এলাকার উন্নয়নে ও সেবামূলক অসংখ্য কর্মকাণ্ড করেছেন। সেই সঙ্গে আমাদের নিরাপত্তা ও সহায়তা প্রদান করেছেন। তাই তার ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই আজ বিএনপিতে যোগ দিয়েছি। আমরা তার সঙ্গে থাকব, ধানের শীষে ভোট দেব, সুন্দর একটি দেশ গড়ায় আমরাও ভূমিকা রাখব।

বাগেরহাট-০৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপির প্রতি আস্থা রেখে যারা যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাই। আশা করছি তাদের এ যোগদান আগামীর কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করবে। কারণ তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিল। তাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। তাদের সেই অভিজ্ঞতা দিয়ে আগামীতে তারেক রহমানের মিশন-ভীষণ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ