উসকানিতে পা না দিতে নেতা-কর্মীদের আহ্বান মির্জা আব্বাসের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উসকানিতে পা না দিতে নেতা-কর্মীদের আহ্বান মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ২৮, ২০২৬ ৯:৩১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কারও কোনো উসকানিতে পা না দিতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘বিএনপি কারও সঙ্গে ঝগড়া-ফ্যাসাদ করতে চায় না। একটি দল অনেক উসকানিমূলক কথা বলছে, ষড়যন্ত্রমূলক কাজ করছে, এগুলোতে পা দেওয়া যাবে না। বিজয় আমাদের, ইনশাআল্লাহ। কয়েক দিন ধৈর্য ধরুন।’ নির্বাচনের আগে ও পরে দেশের শান্তি বজায় রাখতে নেতা-কর্মীদের পাশাপাশি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) নিজ আসনে গণসংযোগকালে এক পথসভায় এই আহ্বান জানান মির্জা আব্বাস।

নির্বাচনি প্রচারণার শুরুতেই খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জবাব দেবে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের আগে ও পরে বিএনপি দেশের শান্তি বজায় রাখতে চায়। আমাদের লক্ষ্য দেশের মানুষকে শান্তি ও হাসি ফিরিয়ে দেওয়া। যারা চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। তবে এখন প্রমাণ দেখানোর সময় নয়। নির্বাচনের পরে দেশকে শান্ত রাখতে আমরা সব চেষ্টা করব।’

নির্বাচনের সময় নেতা-কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘উসকানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন। বিজয় আমাদের প্রান্তে, ইনশাআল্লাহ।’

নেতা-কর্মীদের সতর্ক করে মির্জা আব্বাস বলেন, ‘আজকে নির্বাচন বানচাল করতে কিছু চক্রান্ত চলছে। নির্বাচন থেকে জনগণকে অন্যদিকে সরিয়ে দিতে পরিকল্পনা রয়েছে। তবে বিএনপি বহু নির্বাচনে অংশ নিয়েও কোনো প্রতিপক্ষের ওপর হামলা করেনি। আজও আমাদের নেতা-কর্মীরা অত্যন্ত শান্ত এবং নীরব ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘যে দলটির কোনো নির্বাচনের অভিজ্ঞতা নেই, যারা জীবনে দেশের জনগণের জন্য কাজ করেনি, তারা বিএনপিকে অপদস্ত করার চেষ্টা করছে। তাদের নিজেদের নিয়ে বলার কিছু নেই। তারা শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ মনে করে। তাদের উদ্দেশ্য হলো দেশের জনগণকে চিরতরে উপেক্ষিত রাখা। তারা বিএনপিকে শেষ করে দেশটাকেও শেষ করে দিতে চায়। তবে দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি।’

মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচন আদায়ের জন্য দেশের জনগণ গত ১৭ বছর লড়াই করেছে। বিএনপির বহু নেতা-কর্মী শাহাদাতবরণ করেছেন। জনগণের গণতান্ত্রিক অধিকার ছিল না। এটি আমরা আন্দোলন করে অর্জন করেছি। অনেকেই বলেন, সাত দিন আন্দোলন করে শেখ হাসিনাকে পরাস্ত করা হয়েছে। কিন্তু ভুলবেন না, বিএনপি বিগত ১৭ বছর রাজপথে ছিল। এই ১৭ বছরে দেশের জনগণ যে ত্যাগ করেছেন, যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার বিনিময়ে আজকের গণতন্ত্রের অধিকার আমরা অর্জন করেছি।’

শেখ সাদীর কবিতার লাইন ‘বেআদব বেনসিব, আদব নসিব’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আজকের প্রজন্মকেও শ্রদ্ধা ও আদব শিখতে হবে। আমার সন্তানতুল্য যারা আজকে আমার সঙ্গে কথা বলেন, তাদের উদ্দেশ্যেই এই উপদেশমূলক কবিতার লাইন পাঠালাম।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ