আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি: অলরাউন্ডার রাবেয়া খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
দুই ম্যাচ হাতে রেখেই উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই বলে এখানেই তৃপ্ত হতে চান না লাল-সবুজের প্রতিনিধিরা। নেপালে চলমান বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরার লক্ষ্য তাদের।
বিশ্বকাপ বাছাইয়ে সুপার সিক্স পর্বে শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে বলতে গিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলের অলরাউন্ডার রাবেয়া খান বলেছেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে খেলব আমরা। বাংলাদেশ থেকে আমরা এসেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই দলকে (স্কটল্যান্ড) আমরা ছোট করে দেখব না। আমরা আমাদের প্রসেস চালিয়ে যাব।’
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। বাছাইয়ে গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে টানা পাঁচ জয়ে সেই আসরের টিকেট নিশ্চিত করেছে বাংলাদেশ। এ নিয়ে টানা সপ্তমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা।
মূল পর্ব নিশ্চিত হওয়ায় স্বস্তি জানিয়ে রাবেয়া বলেন, ‘এই সব কোয়ালিফায়ারে নিজেদের খুব টাফ টাইম দিতে হয়। চিন্তার বিষয় থাকে যে কখন কী হয়ে যায়, বা না হয়। এই দিক থেকে আমরা খুব ডমিনেটভাবেই পাঁচটা ম্যাচ জিততে পেরেছি এবং বিশ্বকাপ নিশ্চিত করেছি। তাই আমরা অনেক খুশি।’
নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি আমার বোলিং নিয়ে খুব খুশি। দলের প্রত্যেক খেলোয়াড়ই ভালো শেপে আছে। তারা র্যাঙ্কিংয়ে ধীরে ধীরে ওপরে আসছে। ব্যাটসম্যান, বোলাররা ভালো ফ্লো-তে আছে। আশা করি এটা খুব কাজে দেবে।’
সুপার সিক্স পর্বে আগামী রবিবার (১ ফেব্রুয়ারি) নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে নেদারল্যান্ডসেরও বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। দুই দলেরই পয়েন্ট সমান ৬। আসরে কোনো ফাইনাল নেই। সুপার সিক্স পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা পাবে।
জনতার আওয়াজ/আ আ