মা-বোনদের কাছে দোয়া চাইলেন ড. খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা-বোনদের কাছে দোয়া চাইলেন ড. খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পালের বাজার গ্রামে নির্বাচনি পথসভায় ড. খন্দকার মোশাররফ হোসেনকে নারীরা ফুল দিয়ে স্বাগত জানান। ছবি: খবরের কাগজ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামের নিজ বাসভবন শান্তির নীড় থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বের হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন। উদ্দেশ্য হচ্ছে নির্বাচনি প্রচার ও গণসংযোগ করা।

উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে গয়েশপুর থেকে প্রথমে পাঁচগাছিয়া ইউনিয়নের হরিণা বাজার খোলা গ্রামের উদ্দেশে গাড়িতে করে রওনা হন ড. মোশাররফ। যাওয়ার পথে বিভিন্ন স্থানে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন। অনেকে ফুল ছিটিয়ে ও ফুলের মালা দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

হরিণা বাজারখোলা গ্রাম থেকে ড. মোশাররফ পাঁচগাছিয়া ইউনিয়নের শ্রীরায়ের চর এলাকায় যান। এরপর ঠেটালিয়া, হরিণা বাজারখোলা, তুলাতলী, পাঁচগাছিয়া ও নারান্দিয়া, দৌলতপুর ইউনিয়নের বালুচর, পালের বাজার, কেতুন্দি, কাউয়াদী, ভাউরিয়া ও দৌলতপুরে যান। এসব স্থানে আয়োজিত পথসভায় ড. মোশাররফ ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভাগুলোতে স্থানীয় গ্রামের নারী-পুরুষ-প্রবীণদের পাশাপাশি ও তরুণ প্রজন্মের ভোটাররাও উপস্থিত ছিলেন। ড. মোশাররফ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও তার কাছে তাদের প্রত্যাশার কথাগুলো শোনেন।

দুপুরে ড. মোশাররফ হোসেন ঠেটালিয়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আমি যখন মন্ত্রী ছিলাম আপনাদের এ এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। সেই উন্নয়নগুলোর সুফল আপনারা ভোগ করছেন। আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের দল বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের অধিকার নিশ্চিত করা হবে। আপনাদের যেকোনো প্রয়োজনে সবসময় আমি পাশে আছি। নিজেদের আপনারা কখনোই একা মনে করবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মাবলম্বীর মানুষ এ দেশের সন্তান।’

ড. মোশাররফ এরপর বিকেলে পালের বাজারে যান। সেখানে আয়োজিত পথসভার মঞ্চে বসার পর সেখানকার বেশ কয়েকজন নারী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ড. মোশাররফ তখন এই নারীদের উদ্দেশে বলেন, ‘আমার স্বাস্থ্য বেশি ভালো না, এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষে ভোট দেবেন।’

তিনি এ পথসভায় আরও বলেন, ‘দেশকে এগিয়ে নিতে জাতির জন্য আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব অপরিসীম। এটি গণতন্ত্র ও জনগণের শাসন কায়েম এবং দেশ গড়ার নির্বাচন। আর রাষ্ট্রের এই জনগুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়ন করা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। শহিদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি জনগণের প্রিয় দল। দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ধানের শীষে ভোট দিবেন।’

ড. মোশাররফ হোসেন বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সদা জাগ্রত। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্রলীগের ক্যাডার ও পুলিশের মার খেয়েও গত ১৬ বছর বিএনপির নেতা-কর্মীরা মাঠ ছাড়েননি। অসংখ্য নেতা-কর্মী খুন, গুম, মিথ্যা মামলার শিকার হয়ে ঘরে থাকতে পারেননি। এখন সময় এসেছে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সেই স্বপ্ন পূরণ করার।’

ড. মোশাররফ হোসেন বলেন, ‘ধর্মীয় আবেগ ব্যবহার করে একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিসে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়। দলটির নেতারা বলছেন, যেভাবেই হোক ক্ষমতায় নাকি তাদের যেতেই হবে। এমন কথায় বিভ্রান্ত হবেন না। বিএনপি সবসময় ইসলামী আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি ও জনগণের কল্যাণে কাজ করেছে এবং করছে। ইসলামী শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আলেম-ওলামাদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।’

ঠেটালিয়া গ্রামের স্থানীয় অরুণ চন্দ্র বলেন, ‘মোশাররফ সাহেব যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তখন আমাদের গ্রামে বিদ্যুৎ দিয়েছেন বিনা টাকায়। এলাকার জন্য ব্রিজ রাস্তাঘাটসহ অনেক উন্নয়ন করেছেন। আমরা তাকে ভোট দিব।’

হরিণা বাজারখোলা গ্রামের আবদুল খলিল মিয়া বলেন, ‘খন্দকার মোশাররফ যখন এমপি ছিলেন তখন আমাদের এই হরিণা বাজারখোলা গ্রামের জন্য অনেক উন্নয়ন করেছেন। উপজেলা সদর থেকে আসতে আমাদের কোনো রাস্তা ছিল না, নৌকা দিয়ে চলাচল করতাম। তিনি এমপি হওয়ার পরে আমাদের এই রাস্তাগুলো হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, ‘মোশাররফ সাহেব বিএনপির বড়মাপের নেতা। তিনি পাস করলে আমাদের এলাকার উন্নয়ন হবে বলেই মনে করি।’

রোজিনা আক্তার বলেন, ‘অন্য দলের লোকেরা ভোটের নামে শিরকি কথা বলে। কিন্তু বিএনপির কেউ এ রকম কথা বলে না। আল্লাহ চাইলে ১২ তারিখে ধানের শীষ প্রতীকের মোশাররফ সাহেব পাস করবেন ইন্‌শাআল্লাহ।’

ড. খন্দকার মোশাররফ হোসেন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনি প্রচার চালান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ