জামায়াত মার খায়, কিন্তু টাকা খায় না : কর্নেল (অব.) অলি আহমদ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
রাঙ্গুনিয়ার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ছবি খবরের কাগজ
বাংলাদেশ এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, “জামায়াতে ইসলামী মার খায়, কিন্তু টাকা খায় না। আর অন্য দলগুলো টাকা খায়, কিন্তু মার খায় না। এটাই জামায়াতের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের মৌলিক পার্থক্য।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাঙ্গুনিয়ার প্রসঙ্গ টেনে অলি আহমদ বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের দিয়ে কোনো এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। একটি এলাকার উন্নয়নের জন্য প্রয়োজন সৎ, আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ নেতৃত্ব—যারা মানুষের অধিকার নষ্ট করবে না এবং অন্যায়ের সঙ্গে আপস করবে না।
তিনি বলেন, রাঙ্গুনিয়া আসনে সেই যোগ্য নেতৃত্বের প্রতীক হচ্ছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। জনগণ আর প্রতারণায় বিশ্বাস করে না। কে সৎ আর কে দুর্নীতিবাজ—তা তারা ভালোভাবেই বুঝে। দীর্ঘদিন যারা দুর্নীতির মাধ্যমে সুবিধা নিয়েছে, তাদের সময় শেষ। আগামী ১২ তারিখ জনগণ তাদের রায় জানাবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সরকারের সাবেক যুগ্ম সচিব নুরুল আবচার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ আকর্ষণ ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম।
রাশেদুল ইসলাম তালুকদার ও কাজী পিয়ারুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি, কেন্দ্রীয় এনসিপির নেত্রী সাঘুপ্তা মিশমা, ইসলামী চিন্তাবিদ আ. ন. ম. শামসুল আলম, জামায়াত চট্টগ্রাম-৭ আসনের নির্বাচন পরিচালক অধ্যক্ষ মো. শাহজাহান, খেলাফত ইসলাম চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
নিজের বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, “আমি নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে রাঙ্গুনিয়ার সব মানুষের জন্য কাজ করবো। দুর্নীতি, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থাকবো। রাঙ্গুনিয়াকে সুশাসনের একটি মডেল হিসেবে গড়ে তোলাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
সমাবেশে রাঙ্গুনিয়া এবি পার্টির প্রার্থী আবদুর মনির প্রকাশ্যে ডা. এটিএম রেজাউল করিমের প্রতি সমর্থন ঘোষণা করেন।
এর আগে দুপুরে অলি আহমদ হেলিকপ্টারে রাঙ্গুনিয়ায় পৌঁছালে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল সহকারে তাকে স্বাগত জানান এবং সমাবেশস্থলে নিয়ে যান।
জনতার আওয়াজ/আ আ