প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ

বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ
ফাইল ছবি
প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন সুনীল কর্মকার। চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ময়মনসিংহ বাউল শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকারের মৃত্যুতে এক অনন্য সম্পদ হারালো বাংলাদেশ। সকলস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সুনীল কর্মকারের মরদেহ দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নগরীর টাইনহল শহিদ মিনারে রাখা হবে।
সুনীল কর্মকারের জন্ম নেত্রকোনায় কেন্দুয়ায়। মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এ শিল্পী।
বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন সুনীল কর্মকার। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়। প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।
জনতার আওয়াজ/আ আ