বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: আব্বাস
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বর্তমান বা ভবিষ্যতের যে সরকারই আসুক না কেন, বিশ্বের কিছু শক্তি বাংলাদেশের শান্তিতে থাকতে দেবে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে হক ক্যাসেল ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় ও গণসংযোগকালে তিনি এসব মন্তব্য করেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, প্রশাসনের ঊর্ধ্বতন মহলে কারও কারও প্রতি বিশেষ দুর্বলতা দেখা যাচ্ছে। তিনি বলেন, “আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজন প্রার্থীর জন্য তালিকা করেছে, যাদের পাশ করাতে হবে। পরিস্থিতি এমন যে, কিছু প্রার্থী ইতোমধ্যে বলছেন তারা জিতেই গেছেন। ভোট পাক বা না পাক, তাদের সংসদে পাঠানো হবে—এমন পক্ষপাতিত্ব দেশের জন্য মঙ্গলজনক নয়।”
তিনি গণআন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের দাবিদার এককভাবে কেউ নয়। বিএনপি দীর্ঘ সময় জেল-জুলুম সহ্য করে আন্দোলনের পথ সুগম করেছে। তবে বর্তমানে অনেকে এমন আচরণ করছেন যেন তারা দ্বিতীয়বার দেশ স্বাধীন করেছেন। মির্জা আব্বাস বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা যুদ্ধ করেছি কিন্তু ক্ষমতার দাবি করিনি। অথচ তখন যারা স্কুল-কলেজে পড়ত, আজ তারাই নানা সুযোগ-সুবিধার দাবি করছে।”
তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ও তাদের জোটগোষ্ঠী এখন পরোক্ষভাবে ক্ষমতায় রয়েছে এবং নির্বাচনকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, এখন ভাবসাব যেন বিএনপিকেও তাড়িয়ে দেওয়া হবে। কিছু মানুষ মনে করছে ক্ষমতা তাদের পৈতৃক সম্পত্তি।”
নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮ প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭–১৮ বছরে এ এলাকার মানুষ এমপির চেহারা পর্যন্ত দেখেনি। তিনি প্রতিটি দুর্যোগ ও প্রয়োজনে মানুষের পাশে ছিলেন। “আমি মন্ত্রী বা মেয়র থাকাকালে কখনো গুলশানের সরকারি বাড়িতে থাকিনি, যাতে সাধারণ মানুষ অনায়াসে আমার সঙ্গে দেখা করতে পারে,” যোগ করেন তিনি।
রমনা পার্কের উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক সমস্যা সমাধানে অতীতের কাজের স্মৃতিচারণা করে মির্জা আব্বাস ভোটারদের প্রতিশ্রুতি দেন, আগামী দিনেও যেকোনো প্রয়োজনে তাকে এক ফোনেই পাওয়া যাবে।
জনতার আওয়াজ/আ আ