নামসর্বস্ব ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৭, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নামসর্বস্ব ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-কে ১০ হাজারের বেশি নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের বরাত দিয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘পাশা’ নামে একটি বেসরকারি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগ করবে বলে নির্বাচন কমিশনকে জানিয়েছিল। তবে নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে সংস্থাটির সাংগঠনিক সক্ষমতা ও কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এ কারণেই তাদের জন্য নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সংস্থাটির সঙ্গে কোনো রাজনৈতিক দলের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাদের কার্যক্রম ও পটভূমি সম্পর্কে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘এক ব্যক্তিনির্ভর পাশা দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে সংস্থাটির কার্যক্রম ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর সারাদেশে ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি হয়।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন পাশাকে দেওয়া পর্যবেক্ষক কার্ড স্থগিতের সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ