ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের নির্দেশনা প্রত্যাহার না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল সহ প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় নাহিদ এ হুঁশিয়ারি দেন।
এর আগে গত রবিবার নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করে। সেখানে জানানো হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। বাকিদের সঙ্গে ফোন রাখা যাবে না।
এই নির্দেশনার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে, এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে, দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন। আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে।’
নির্বাচন কমিশনের বিষয়ে নাহিদ বলেন, ‘আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করে দেওয়া, মানুষের কন্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়ার কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না।’
নাহিদ জানান, তাঁদের প্রতিনিধিরা আজ সোমবার নির্বাচন কমিশনে যাচ্ছেন। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে নাহিদ বলেন, ‘ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন, করেছেন। ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের।’
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞার প্রতিবাদ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষেধাজ্ঞার প্রতিবাদ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীকেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ।
তিনি বলেন, ‘আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন। গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন গণ-অভ্যুত্থানের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের ওপর দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না, করবে না।’
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে প্রতিহত করা হবে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ভোট কেন্দ্রে থাকব। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজ প্রতিহত করবে।’
মোহাম্মদপুরবাসীকে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের রিকশা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ’মোহাম্মদপুরবাসী রিকশা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদ বিরোধী, কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দেবেন।
গণ-অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনারা আগামী সংসদে পাঠাবেন। আমরা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব।’
জনতার আওয়াজ/আ আ